প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫, ৮:৪৯ পিএম আপডেট: ৩০.১০.২০২৫ ৮:৫৫ PM

গণমাধ্যমে অপসাংবাদিকতা প্রতিরোধ ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা
মানিকগঞ্জে স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের নিয়ে “গণমাধ্যমে অপসাংবাদিকতা প্রতিরোধ এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন” শীর্ষক একদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) মানিকগঞ্জ সার্কিট হাউস কনফারেন্স রুমে সকাল থেকে দুপুর পর্যন্ত চলা এ কর্মশালার আয়োজন করে বাংলাদেশ প্রেস কাউন্সিল ।
অনুষ্ঠানে মানিকগঞ্জের জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি এ কে এম আব্দুল হাকিম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মানিকগঞ্জ পুলিশ সুপার মোছা: ইয়াছমিন খাতুন, বাংলাদেশ প্রেস কাউন্সিলের উপসচিব মোঃ আব্দুস সবুর, জেলা তথ্য কর্মকর্তা মোহাম্মদ নূর হোসেন এবং মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস প্রমুখ।
প্রধান অতিথি বিচারপতি এ কে এম আব্দুল হাকিম তার বক্তব্যে বলেন, সাংবাদিকতা এমন একটি পেশা যেখানে দায়িত্ববোধ, নৈতিকতা ও সত্যনিষ্ঠা অপরিহার্য। ভুল বা যাচাই-বাছাই ছাড়া সংবাদ প্রকাশ সমাজে বিভ্রান্তি সৃষ্টি করে। তাই সাংবাদিকদের উচিত, তথ্য যাচাই করে সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করা।
তিনি আরও বলেন, গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের একটি শক্তিশালী স্তম্ভ। সাংবাদিকরা যদি দায়িত্বশীল ভূমিকা রাখেন, তাহলে জাতি উপকৃত হবে। প্রেস কাউন্সিল সবসময় সাংবাদিকদের পেশাগত দক্ষতা উন্নয়নে কাজ করছে।
কর্মশালায় জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন। প্রশিক্ষণে সংবাদ পরিবেশনের নৈতিক দিক, তথ্য যাচাই প্রক্রিয়া এবং অপসাংবাদিকতা প্রতিরোধে সাংবাদিকদের করণীয় বিষয়ে আলোচনা করা হয়।
স্বদেশ প্রতিদিন/ নিয়াজ