প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫, ৩:০৮ পিএম

পূর্ব প্রশান্ত মহাসাগরে মাদক চোরাচালানের অভিযোগে একটি জাহাজে বিমান হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। এতে অন্তত চারজন নিহত হয়েছেন। হোয়াইট হাউসের বরাত দিয়ে বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বুধবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ এক পোস্টে হামলার বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, মার্কিন বাহিনী মাদক-পাচারকারী একটি জাহাজে হামলা চালিয়েছে, যেখানে চারজন পুরুষ মাদক-সন্ত্রাসী নিহত হয়েছেন।
হেগসেথ আরও বলেন, জাহাজটি একটি পরিচিত সন্ত্রাসী সংগঠনের নিয়ন্ত্রণে পরিচালিত হচ্ছিল। যদিও তিনি হামলার সুনির্দিষ্ট স্থান উল্লেখ করেননি, তবে জানিয়েছেন এটি পূর্ব প্রশান্ত মহাসাগরের আন্তর্জাতিক জলসীমায় পরিচালিত হয়।
তিনি হামলার আকাশ থেকে ধারণ করা ফুটেজও প্রকাশ করেছেন। সেখানে উল্লেখ করা হয়েছে, জাহাজটি অবৈধ মাদক চোরাচালানে যুক্ত ছিল এবং একটি পরিচিত মাদক-পাচারের পথ ধরে চলাচল করছিল।
এর আগে গত সপ্তাহে একই অঞ্চলে তিনটি পৃথক জাহাজে মার্কিন বাহিনীর হামলায় ১৪ জন নিহত হয়েছিলেন।
এদিকে, হামলার সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এশিয়া সফরে রয়েছেন। বৃহস্পতিবার তিনি দক্ষিণ কোরিয়ায় চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করেন। ২০১৯ সালের পর এটিই ছিল দুই নেতার প্রথম শীর্ষ সম্মেলন। ট্রাম্প এর আগে মালয়েশিয়া ও জাপান সফর করেন।
স্বদেশ প্রতিদিন/কেআইকে