| শিরোনাম: |

দেশের আটটি বিভাগে আগামী কয়েক দিন হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। আগামী ২৪ ঘণ্টার মধ্যে এসব এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক।
বুধবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় দেওয়া আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে জানানো হয়, বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সন্ধ্যা ৬টার মধ্যে রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের অনেক জায়গায়; ঢাকা, ময়মনসিংহ ও বরিশাল বিভাগের কিছু জায়গায় এবং চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-একটি স্থানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের কোথাও কোথাও মাঝারি ভারী থেকে ভারী বর্ষণও হতে পারে। এ সময় সারাদেশের দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমবে।
পরবর্তী ২৪ ঘণ্টায় অর্থাৎ বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত রংপুর ও রাজশাহী বিভাগের অধিকাংশ জায়গায়; খুলনা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক স্থানে এবং ঢাকা, চট্টগ্রাম ও বরিশাল বিভাগের কিছু স্থানে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এ সময় তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে।
শুক্রবার (৩১ অক্টোবর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের অধিকাংশ স্থানে; ঢাকা ও সিলেট বিভাগের অনেক জায়গায়; খুলনা বিভাগের কিছু অংশে এবং বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে। তবে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।
শনিবার (১ নভেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ এলাকায়; ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের কিছু স্থানে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সারা দেশের কোথাও কোথাও মাঝারি ভারী থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। তাপমাত্রা তখনও প্রায় অপরিবর্তিত থাকবে।
রোববার (২ নভেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু জায়গায়, পাশাপাশি রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
আবহাওয়া অফিস জানিয়েছে, এই সময়ের মধ্যে চট্টগ্রাম ও সিলেট অঞ্চলের কোথাও কোথাও মাঝারি ভারী থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। সারাদেশেই দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।
স্বদেশ প্রতিদিন/ আরএফ