
সংগৃহীত ছবি
ক্রিস্টিয়ানো রোনালদো (৪০) ও লিওনেল মেসি (৩৮) ক্যারিয়ারের গোধূলিতে পৌঁছালেও গোলের জাদু এখনও অটুট। বয়সী এই দুই কিংবদন্তি শুধু মাঠে লড়ছেনই না, বরং নিয়মিত গোল করেও চলেছেন।
তাদের ধারাবাহিক পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে ২০২৫ ফিফপ্রো বিশ্ব একাদশের ২৬ সদস্যের সংক্ষিপ্ত তালিকায় জায়গা পেয়েছেন রোনালদো ও মেসি। তালিকায় জায়গা করে নিয়েছেন ক্লাব পর্যায়ে বছরজুড়ে অসাধারণ পারফরম্যান্স প্রদর্শন করা অন্যান্য তারকারাও। সর্বাধিক ৭ জন খেলোয়াড় স্থান পেয়েছেন প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) থেকে।
সংক্ষিপ্ত তালিকায় স্থান পাওয়া খেলোয়াড়দের পারফরম্যান্স গণনা করা হয়েছে ২০২৪ সালের ১৫ জুলাই থেকে ২০২৫ সালের ৩ আগস্ট পর্যন্ত কমপক্ষে ৩০ ম্যাচের ভিত্তিতে।
আগামী ৩ নভেম্বর সেরা একাদশ ঘোষণা করা হবে। বিশ্বের ২০ হাজার পেশাদার ফুটবলারের ভোটের মাধ্যমে চূড়ান্ত তালিকা নির্ধারণ করা হয়েছে।
ফিফপ্রোর সংক্ষিপ্ত তালিকা (২৬ জন)
গোলরক্ষক: জিয়ানলুইজি দোন্নারুম্মা (পিএসজি/ম্যানচেস্টার সিটি, বেলজিয়াম), থিবো কোর্তোয়া (রিয়াল মাদ্রিদ, বেলজিয়াম), অ্যালিসন বেকার (লিভারপুল, ব্রাজিল)
ডিফেন্ডার: আশরাফ হাকিমি (পিএসজি, মরক্কো), মার্কিনিওস (পিএসজি, ব্রাজিল), নুনো মেন্দেস (পিএসজি, পর্তুগাল), উইলিয়াম সালিবা (আর্সেনাল, ফ্রান্স), ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ড (লিভারপুল/রিয়াল মাদ্রিদ, ইংল্যান্ড), পাউ কুবারসি (বার্সেলোনা, স্পেন), ভার্জিল ফন ডাইক (লিভারপুল, নেদারল্যান্ডস)
মিডফিল্ডার: জোয়াও নেভেস (পিএসজি, পর্তুগাল), কোল পালমার (চেলসি, ইংল্যান্ড), পেদ্রি (বার্সেলোনা, স্পেন), ফেদেরিকো ভালভের্দে (রিয়াল মাদ্রিদ, উরুগুয়ে), জুড বেলিংহাম (রিয়াল মাদ্রিদ, ইংল্যান্ড), কেভিন ডি ব্রুইনা (ম্যানচেস্টার সিটি/নাপোলি, বেলজিয়াম), লুকা মদরিচ (রিয়াল মাদ্রিদ/এসি মিলান, ক্রোয়েশিয়া), ভিতিনিয়া (পিএসজি, পর্তুগাল)
ফরোয়ার্ড: উসমান দেম্বেলে (পিএসজি, ফ্রান্স), কিলিয়ান এমবাপ্পে (রিয়াল মাদ্রিদ, ফ্রান্স), লিওনেল মেসি (ইন্টার মায়ামি, আর্জেন্টিনা), রাফিনিয়া (বার্সেলোনা, ব্রাজিল), ক্রিস্টিয়ানো রোনালদো (আল নাসর, পর্তুগাল), আর্লিং হলান্ড (ম্যানচেস্টার সিটি, নরওয়ে), মোহাম্মদ সালাহ (লিভারপুল, মিসর), লামিনে ইয়ামাল (বার্সেলোনা, স্পেন)