দ্বিতীয়বারের মতো পর্যটকদের কাছে সীমান্তবর্তী জেলাকে উপস্থাপন করতে আলোকচিত্র প্রদর্শনী শুরু করেছেন স্থানীয় বন্যপ্রাণী আলোকচিত্রী ফিরোজ আল সাবাহ।
বুধবার (২৫ অক্টোবর) সকাল ১০ টা থেকে পর্যটন মৌসুমে নৈসর্গিক প্রকৃতির পঞ্চগড়কে তুলে ধরতে তেঁতুলিয়ার ডাকবাংলো পিকনিক কর্নারে মহানন্দা নদীর পাশে আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করেছেন ফিরোজ আল সাবাহ। প্রদর্শনী চলবে আগামী ৭ নভেম্বর পর্যন্ত।
প্রদর্শনী ঘুরে দেখা যায়, পঞ্চগড় জেলার বিভিন্ন এলাকা থেকে ক্যামেরায় তোলা পৃথিবীর তৃতীয় উচ্চতম পর্বত কাঞ্চনজঙ্ঘার ছবি, বিভিন্ন দর্শনীয় স্থান, সমতল চায়ের বাগান, প্রাণীসহ বিভিন্ন ফটোগ্রাফি ঘুরে ঘুরে দেখছেন নানান বয়সী দর্শনার্থীরা। আলোকচিত্র প্রদর্শনীর নানান ছবিতে মুগ্ধ হয়েছেন পর্যটকসহ দর্শনার্থীরা। এ ধরণের উদ্যোগ গ্রহণে সাধুবাদ জানাচ্ছেন দর্শনার্থীরা।
ট্যুরিজম ডেভেলপমেন্ট এসোসিয়েশন পঞ্চগড় এর বিজ্ঞান-প্রযুক্তি বিষয়ক সম্পাদক শাকিল আহম্মেদ জানান, পর্যটন মৌসুমে এ ধরণের আয়োজন সত্যিই প্রশসংনীয়। ফিরোজ আল সাবাহ আমাদের পঞ্চগড়ের। দেশ-বিদেশে উনার ছবি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ পায়। পঞ্চগড়ের প্রাণপ্রকৃতিতে বিভিন্ন স্থাপনা, জীববৈচিত্র্য ও দর্শনীয় স্থান ফটোগ্রাফির মাধ্যমে পঞ্চগড়কে তুলে ধরায় এ আয়োজনকে সাধুবাদ জানাই।
ফিরোজ আল সাবাহ বলেন, ফটোগ্রাফির মাধ্যমে দেশ-বিদেশের পর্যটকদের কাছে অপরূপ পঞ্চগড় তুলে ধরা। ফটোগ্রাফির মাধ্যমেই পঞ্চগড়কে অপরূপা পঞ্চগড় হিসেবে পর্যটন শিল্পে তুলে ধরার স্বপ্ন দেখছি। এ প্রদর্শনীর মাধ্যমে পর্যটকরা অনেক কিছু যেমন জানতে পারবেন, তেমনি বর্তমান প্রজন্মও ফটোগ্রাফিতে উদ্বুদ্ধ হয়ে নতুন নতুন কিছু তুলে ধরতে পারবে বলে আমার বিশ্বাস। আমরা চাই প্রযুক্তির মাধ্যমেও পর্যটন শিল্পকে সারাবিশ্বের মানুষের কাছে উপস্থাপন করতে।
স্বদেশ প্রতিদিন/এমএস