প্রকাশ: সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫, ৫:১৯ পিএম আপডেট: ২৭.১০.২০২৫ ৫:২৪ PM

চট্টগ্রামের আনোয়ারায় সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ও চোলাই মদ উদ্ধার করা হয়েছে। এ সময় দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
রবিবার (২৬ অক্টোবর) রাতভর উপজেলার বিভিন্ন এলাকায় সেনাবাহিনীর আনোয়ারা ক্যাম্পের তত্ত্বাবধানে মোট চারটি পৃথক অভিযান পরিচালিত হয়। এসব অভিযানে ১ হাজার ১৮৮ পিস ইয়াবা ট্যাবলেট ও ১৫ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়।
এর মধ্যে উপজেলার বৈরাগ ইউনিয়নের আমানুল্লাহ পাড়া এলাকায় অভিযান চালিয়ে কাফকো রেসিডেন্সিয়াল এলাকার পাশের পাহাড়ি জঙ্গল থেকে ১৮৮ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী এরশাদুল আলমকে গ্রেপ্তার করা হয়।
অন্যদিকে বটতলী বাজার এলাকায় অভিযান চালিয়ে ১ হাজার পিস ইয়াবাসহ কামরুজ্জামান (৩৮) নামের আরও একজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
সেনাবাহিনী জানায়, “মাদক সমাজের শত্রু। আনোয়ারা আর্মি ক্যাম্প ভবিষ্যতেও মাদকবিরোধী অভিযান অব্যাহত রাখবে।”
আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মনির হোসেন বলেন, “অভিযানে আটক দুজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।
স্বদেশ প্রতিদিন/ আরএফ