| শিরোনাম: |

রাজধানীর বিমানবন্দর রেলওয়ে স্টেশনে রাজশাহী থেকে আসা বনলতা এক্সপ্রেস ট্রেন থেকে পিস্তলসহ বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করেছে বাংলাদেশ সেনাবাহিনী। এ ঘটনায় সন্দেহভাজন চারজনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
রোববার (২৬ অক্টোবর) সকাল ১১টা ১৫ মিনিটের দিকে সেনাবাহিনীর নেতৃত্বে গোয়েন্দা সংস্থা ও রেলওয়ে পুলিশের যৌথ অভিযানে এই অভিযান পরিচালিত হয়।
আইএসপিআর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে বনলতা এক্সপ্রেসের একটি নির্দিষ্ট বগি তল্লাশি করে ৮টি বিদেশি পিস্তল, ১৬টি ম্যাগাজিন, ২৬ রাউন্ড গুলি, ২.৩৯ কেজি গান পাউডার এবং ২.২৩ কেজি প্লাস্টিক বিস্ফোরক উদ্ধার করা হয়।
আইএসপিআর আরও জানায়, আটক চারজনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
ঢাকা জেলা রেলওয়ে পুলিশ সুপার আনোয়ার হোসেন বলেন, “অপারেশন বনলতা” নামে এই বিশেষ অভিযান পরিচালনা করেছে সেনাবাহিনীর একটি টিম। তিনি জানান, অস্ত্র ও বিস্ফোরকের সঠিক পরিমাণ এবং উৎস যাচাইয়ের কাজ চলছে।
স্বদেশ প্রতিদিন/ আরএফ