প্রকাশ: রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫, ৩:৪৫ পিএম

চট্টগ্রামের বাঁশখালীতে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে জোরপূর্বক আলিফ-মীম নার্সারি দখলের অভিযোগ উঠেছে। এসময় দুটি বীজতলা নষ্ট ও ১ হাজার বনজ-ফলজের চারা গাছ কেটে ফেলা হয়েছে।
শনিবার (২৫ অক্টোবর) বিকেলে উপজেলার কালীপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মুহাম্মদ পাড়ায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী মো. সরওয়ার বলেন ‘‘গতকাল হঠাৎ করে দেশীয় অস্ত্র নিয়ে ৩০-৪০ জন লোক এসে আমার নার্সারি ও বাগানে তাণ্ডব চালায়। কিছু বুঝে ওঠার আগেই নার্সারিতে প্রবেশ করে ১ হাজারের বেশি ফলজ-বনজ গাছ কেটে ও লুট করে নিয়ে যায়। একই সাথে বাগান থেকে শতাধিক সুপারি, মেহগনি ও আকাশমণি গাছ কেটে ফেলে তাঁরা। সকাল থেকে বিকেল অবধি এই তাণ্ডব চলে। পুলিশ আসার পরও বিকেলে আরও এক দফা তান্ডব চালায় সন্ত্রাসীরা। পরে তারা নার্সারি এবং বসতভিটার মাঝখানে টিনের বেড়া স্থাপন করে”।
এ ঘটনায় ভুক্তভোগী নার্সারি মালিক সরওয়ার বাদী হয়ে ওই এলাকার আব্দুল মালেকসহ ১১ জনের নাম উল্লেখ বাঁশখালী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে বলা হয়, শনিবার সকালে ওই এলাকার আবদুল মালেক, জমির ও তারেকের নেতৃত্বে ৩০-৪০ জন লোক দেশীয় অস্ত্র নিয়ে মো. সরওয়ারের মালিকানাধীন আলিফ মীম নার্সারিতে প্রবেশ করে। তাঁরা ১ হাজারের বেশি জাম, কাঠাল, বরই, আমড়া, সবেদা, আমসহ বিভিন্ন প্রজাতির চারা গাছ ও কলমি করা গাছ কেটে ও লুট করে ট্রাকে তুলে নিয়ে যায়। এছাড়া দুটি বীজতলাসহ আরও কয়েক শতাধিক চারা গাছ নষ্ট করে লক্ষাধিক টাকার ক্ষতিসাধন করে। পরে ভিটা, বাগান বাড়ির গাছও কেটে ফেলে। বিকেল পর্যন্ত এই তাণ্ডব চলে। পরে টিনের বেড়া দিয়ে বাগান বাড়িও জোরপূর্বক দখলে নেয় তারা।
এ ব্যাপারে চাইলে অভিযুক্ত আব্দুক মালেক বলেন, ‘‘ওই নার্সারির মালিক আমার ভাইয়ের থেকে ৩ শতক জায়গা ক্রয় করে। পরে আমাদের অন্য তিন ভাইয়ের জায়গাও জোরপূর্বক দখল নিয়ে নেয়। গ্রামের বাড়ি ও থানায় একাধিক বৈঠক হলেও তিনি উপস্থিত না হয়ে উল্টো আমাদের হুমকি দেয়। সকল কাগজপত্র আমাদের পক্ষে রয়েছে। আমরা শুধুমাত্র আমাদের প্রাপ্য জায়গা দখলে নিয়েছি”।
বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম বলেন, ‘‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় ভুক্তভোগী নার্সারি মালিক থানায় একটা লিখিত অভিযোগ দিয়েছে। বিষয়টি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে”।
স্বদেশ প্রতিদিন/রাফি