দুই অস্ট্রেলীয় নারী ক্রিকেটারকে রাস্তায় অনুসরণ ও যৌন হয়রানির অভিযোগ উঠেছে ভারতের মধ্যপ্রদেশের ইন্দোরের এক যুবকের বিরুদ্ধে। তবে এমন অভিযোগের পর ওই যুবককে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা যায়।
বর্তমানে ভারতে চলমান আইসিসি নারী ক্রিকেট বিশ্বকাপে অংশ নিচ্ছেন এই দুই নারী ক্রিকেটার।
পুলিশের বরাতে সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, ঘটনাটি ঘটে বৃহস্পতিবার সকালে। দুই ক্রিকেটার টিম হোটেল থেকে হেঁটে কাছের একটি ক্যাফেতে যাচ্ছিলেন। এ সময় মোটরসাইকেল চালিয়ে এক ব্যক্তি তাদের পিছু নেয় এবং একপর্যায়ে এক ক্রিকেটারের সঙ্গে অশালীন আচরণ করে দ্রুত স্থান ত্যাগ করে।
এরপর খেলোয়াড়রা তৎক্ষণাৎ তাদের দলের নিরাপত্তা কর্মকর্তা ড্যানি সিমন্সের সঙ্গে যোগাযোগ করেন। তিনি স্থানীয় নিরাপত্তা কর্মকর্তাদের সহায়তায় দ্রুত তাদের নিরাপদে হোটেলে ফিরিয়ে আনেন।
পরে সহকারী পুলিশ কমিশনার হিমানি মিশ্রা দুই অস্ট্রেলীয় খেলোয়াড়ের সঙ্গে সাক্ষাৎ করেন এবং ঘটনার বিস্তারিত জবানবন্দি নেন। এবং থানায় মামলা দায়ের করা হয়েছে।
ইন্দোর পুলিশের তরফ থেকে জানানো হয়েছে, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং বিদেশি খেলোয়াড়দের নিরাপত্তা নিশ্চিতে বাড়তি নজরদারি চালু করা হয়েছে।
পুলিশ আরো জানায়, এক প্রত্যক্ষদর্শী অভিযুক্তের মোটরসাইকেলের নম্বর লিখে রাখায় দ্রুত তাকে শনাক্ত করা সম্ভব হয়। পরে পুলিশ ওই যুবককে গ্রেপ্তার করে।
এদিকে এমন ঘটনার পর থেকেই বেশ সরব হয়ে উঠেছে নেটিজেনরা। প্রশ্ন উঠেছে ভারতে আশা প্লেয়ার এবং ট্যুরিস্টদের নিরাপত্তা নিয়ে।