প্রকাশ: শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫, ৯:১৮ AM

সংগৃহীত ছবি
সিলেটের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় আজ শনিবার ছয় ঘণ্টার জন্য বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) জানিয়েছে, সকাল ৭টা থেকে দুপুর ১২টা পর্যন্ত রক্ষণাবেক্ষণ ও উন্নয়ন কাজের অংশ হিসেবে এই সাময়িক বিদ্যুৎ বিচ্ছিন্নতা কার্যকর করা হবে।
বিউবোর বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ১১ কেভি ফিডারসমূহের বিতরণ লাইন ও ট্রান্সফরমারের জরুরি মেরামত, সংরক্ষণ এবং রাইট-অফ-ওয়ে এলাকায় গাছপালা অপসারণের কাজ চলবে। পাশাপাশি বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা উন্নয়ন প্রকল্পের আওতাধীন কাজের অংশ হিসেবেও এই ব্যবস্থা নেওয়া হয়েছে।
বিদ্যুৎ থাকবে না যে সব এলাকায়; বালুচর, শান্তিবাগ আবাসিক এলাকা, সোনার বাংলা আবাসিক এলাকা, নতুন বাজার, আল-ইসলাহ, আরামবাগ, বালুচর ছড়ারপাড়, ফোকাস এলাকা ও আশেপাশের অঞ্চল।
নিরাপত্তার স্বার্থে শাটডাউন চলাকালে লাইন চালু আছে বলে বিবেচনা করতে বলা হয়েছে গ্রাহকদের। তবে নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ হলে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ চালু করা হবে বলে জানিয়েছে বিউবো।
বিদ্যুৎ সরবরাহে সাময়িক বিঘ্নের জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে বিউবো এবং প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার অনুরোধ জানিয়েছে। সাম্প্রতিক সময়ে সিলেটে বিতরণ লাইন সংস্কার, ট্রান্সফরমার প্রতিস্থাপন ও অবকাঠামো উন্নয়নের কাজের কারণে ধাপে ধাপে বিভিন্ন ফিডারে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হচ্ছে।