প্রকাশ: শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫, ১০:০০ AM

সংগৃহীত ছবি
ইতালির রাজধানী রোমের ভিক্টোরিয়া এলাকায় পুলিশের অভিযানে একটি অবৈধ মেস থেকে অমানবিক পরিবেশে বসবাসরত ১৬ জন বাংলাদেশিকে উদ্ধার করা হয়েছে। পুলিশের তথ্যমতে, মাত্র তিনটি কক্ষ ও একটি বাথরুমে গাদাগাদি করে থাকছিলেন তারা।
স্থানীয় গণমাধ্যম জানায়, দুর্গন্ধ ও সন্দেহজনক কার্যকলাপের অভিযোগ পাওয়ার পর স্থানীয় বাসিন্দাদের তথ্যের ভিত্তিতে পুলিশ ওই ফ্ল্যাটে অভিযান চালায়।
অভিযানে দেখা যায়, প্রতিটি বিছানার জন্য ভাড়া নেওয়া হতো মাসে ১৭০ ইউরো বা দিনে ১০ ইউরো। স্বাস্থ্যবিধি উপেক্ষা করে প্রতিদিন বাইরে থেকে একজন এসে রান্না করতেন, যা পরিবেশকে আরও অস্বাস্থ্যকর করে তোলে।
পুলিশ পুরো ফ্ল্যাটটি সিলগালা করেছে এবং তিনজন বাংলাদেশি মালিকের বিরুদ্ধে অবৈধ ভাড়া, স্বাস্থ্যবিধি লঙ্ঘন ও নিরাপত্তা ঝুঁকি তৈরির অভিযোগে মামলা করেছে।
স্থানীয় প্রশাসন জানিয়েছে, ভিক্টোরিয়ার এসকুইলিনো অঞ্চলে অবৈধ মেস ও অপরাধমূলক কার্যকলাপ দমনে এটি চলমান অভিযানের অংশ।
প্রবাসী কমিউনিটি বলছে, মুনাফালোভী কিছু ব্যক্তি নতুন অভিবাসীদের শোষণ করছে, যা প্রবাসে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে। তারা প্রশাসনের কাছে অবৈধ মেসের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা ও নিয়মিত নজরদারির দাবি জানিয়েছেন।
স্থানীয় প্রশাসনও প্রবাসীদের নিরাপদ, বৈধ ও স্বাস্থ্যসম্মত বাসস্থানের বিষয়ে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছে।