প্রকাশ: শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫, ৫:০৯ পিএম

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় রেহেনা সিরাজ মেডিকেল সেন্টার উদ্বোধন উপলক্ষে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রায় দুই হাজার রোগী বিনামূল্যে চিকিৎসা সেবা পেয়েছে।
শুক্রবার (২৪ অক্টোবর) সকাল থেকে উপজেলার হাইলধর এলাকায় স্থানীয় ব্যবসায়ী রাশেদ আলীর পৃষ্ঠপোষকতায় আনোয়ারা সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে এই চিকিৎসা ক্যাম্পের আয়োজন করা হয়।
চট্টগ্রামের মেডিসিন ও লিভার বিশেষজ্ঞ ডা. জসিম উদ্দিনের নেতৃত্বে ডক্টরস অ্যাসোসিয়েশন অব আনোয়ারার ৩০ জন চিকিৎসক দিনব্যাপী মেডিসিন, চর্ম, গাইনি, ডেন্টাল ও শিশুরোগ বিষয়ে চিকিৎসা সেবা প্রদান করেন। এছাড়া ক্যাম্পে ৫০ জন শিশুকে বিনামূল্যে সুন্নতে খতনা করানো হয়।
এর আগে আনোয়ারা সমাজ কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক হাবিব উল্লাহর সঞ্চালনায় সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডা. জসিম উদ্দিন। এছাড়া সভায় উপস্থিত ছিলেন ব্যবসায়ী ও নগর জামায়াত নেতা মোহাম্মদ আলী, ব্যবসায়ী রাশেদ আলি, আনোয়ারা উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাস্টার শহীদুল্লাহ এবং মাওলানা জামাল উদ্দিন প্রমুখ।
স্বদেশ প্রতিদিন/ রাফি