প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫, ১:৪৬ AM

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান বলেছেন, নির্বাচনে নির্দিষ্ট একটি মার্কায় ভোট দিলে বেহেশতে যাওয়া যাবে — এমন বক্তব্য সম্পূর্ণ প্রতারণা এবং ভোটারদের বিভ্রান্ত করার অপচেষ্টা।
তিনি বলেন, “বেহেশতের মালিক একমাত্র আল্লাহ। যারা ধর্মীয় আবেগকে কাজে লাগিয়ে এমন বিভ্রান্তিকর প্রচারণা চালাচ্ছে, তারা যদি ক্ষমতায় আসে, দেশের সর্বনাশ ছাড়া কিছু হবে না।”
বুধবার (২২ অক্টোবর) বিকেলে রাজধানীর কেরানীগঞ্জের আসামদীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে কলাতিয়া ইউনিয়ন বিএনপির আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
আমান উল্লাহ আমান আরও বলেন, “ভোট একটি পবিত্র অধিকার, যা ধর্মীয় প্রতিশ্রুতি বা মিথ্যা আশ্বাস দিয়ে বিক্রি করা যায় না। যারা জনগণকে মিথ্যা স্বপ্ন দেখিয়ে ভোট নিতে চায়, তারা বড় ধরনের প্রতারণার আশ্রয় নিচ্ছে। এই ধরনের বক্তব্য শুধু ভোটারদের বিভ্রান্তই করে না, দেশের ধর্মীয় সম্প্রীতিকেও ক্ষতিগ্রস্ত করে।”
নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, “নির্বাচন নিয়েও এখন নানা ষড়যন্ত্র চলছে। কিন্তু যারা নির্বাচন ঠেকাতে চায়, জনগণ তাদের রুখে দেবে। দেশের মানুষ এখন তাদের ভোটাধিকার ফেরত চায়। ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে, আর বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় আসবে।”
কেরানীগঞ্জের পরিস্থিতি নিয়ে আমান উল্লাহ বলেন, “কেরানীগঞ্জে কোনো চাঁদাবাজ বা সন্ত্রাসীর ঠাঁই নেই। হাট-বাজার থেকে কেউ চাঁদা চাইলে পুলিশে দিন—ধরিয়ে দিন। কেরানীগঞ্জ এখন চাঁদাবাজমুক্ত।”
মতবিনিময় সভায় কলাতিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি এনামুল হক চান মিয়ার সভাপতিত্বে উপস্থিত ছিলেন ইউনিয়নের সাধারণ সম্পাদক দাউদ শিকদারসহ ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
স্বদেশ প্রতিদিন / কেআইকে