প্রকাশ: বুধবার, ২২ অক্টোবর, ২০২৫, ১১:৩৮ পিএম

ফাইল ছবি
বিসিবি জাতীয় দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুলকে জাতীয় দলের কোচ হিসেবে নেওয়ার প্রস্তাব দেয়ার বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন আশরাফুল।
আশরাফুলোর কোচ হওয়ার বিষয়টি এখনো আলোচনার পর্যায়ে। তাকে প্রস্তাব দেয়া হয়েছে কোচ হওয়ার জন্য, তবে কোন ভূমিকায় কাজ করবেন সেটা এখনো নিশ্চিত নয়।
মুঠোফোনে আজ রাতে আশরাফুল বলেন, ‘হ্যাঁ, বোর্ড থেকে অ্যাপ্রোচ করা হয়েছে। তবে এখনো তাদের সঙ্গে আলোচনা হচ্ছে। সবকিছুই আসলে আলোচনার পর্যায়ে রয়েছে। কিছুদিন ধরে কথা চলছিল, এখন ব্যাটিং কোচের দায়িত্বে নাকি অন্য কোনো ভূমিকায় সেটা এখনো নিশ্চিত না।’
এর আগে ২০২৪ সালের শেষ দিকে বাংলাদেশ দলের কোচিং প্যানেলে যুক্ত হন ঘরোয়া ক্রিকেটের জনপ্রিয় মুখ মোহাম্মদ সালাউদ্দিন। পদবী হিসেবে নামের পাশে যোগ হয় সিনিয়র সহকারী কোচ। চলতি বছরের ফেব্রুয়ারি-মার্চে হওয়া আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত বিসিবির সঙ্গে সালাউদ্দিনের চুক্তি ছিল।
পরে নতুন করে টাইগার এই কোচের মেয়াদ বেড়ে যায়। আগামী ২০২৭ সালের নভেম্বর মাস পর্যন্ত জাতীয় দলের দায়িত্বে থাকবেন সালাউদ্দিন। গেল এক বছর তার অধীনে ব্যাটাররা ফর্মহীনতায় ভুগছেন। ব্যর্থতার শেষই যেন হচ্ছে না।
সর্বশেষ এশিয়া কাপ এবং আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে হারের পর সালাউদ্দিনের সক্ষমতা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। এজন্য বিসিবি তার জায়গায় নতুন ব্যাটিং কোচ নিয়োগের চেষ্টা শুরু করেছে। বিষয়টি পরবর্তী বোর্ড সভায় আলোচনা করা হবে, আগেই একজন পরিচালক নিশ্চিত করেছেন।
নিজের ক্রিকেট জীবনে সালাউদ্দিন মিডিয়াম পেস বোলার ছিলেন, কিন্তু বর্তমানে তিনি দায়িত্ব পালন করছেন ব্যাটিং কোচ হিসেবে।
স্বদেশ প্রতিদিন/নিয়াজ