প্রকাশ: বুধবার, ২২ অক্টোবর, ২০২৫, ৪:৫৫ পিএম

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এশিয়া সফরের এক সপ্তাহ আগে নতুন করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে উত্তর কোরিয়া। বুধবার (২২ অক্টোবর) ভোরে পিয়ংইয়ংয়ের কাছে থেকে বেশ কয়েকটি স্বল্প-পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করে দেশটি বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী।
দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফ এক বিবৃতিতে জানায়, পিয়ংইয়ংয়ের নিকটবর্তী অঞ্চল থেকে উত্তর-পূর্বমুখী ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হয়। ক্ষেপণাস্ত্রগুলো সফলভাবে ছোঁড়া হয়েছে এবং তা সমুদ্রের দিকে গিয়েছে বলে ধারণা করা হচ্ছে।
জাতিসংঘের নিরাপত্তা পরিষদের নিষেধাজ্ঞা উপেক্ষা করে গত মে মাসের পর এটাই উত্তর কোরিয়ার প্রথম ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ। দক্ষিণ কোরিয়ার নতুন প্রেসিডেন্ট লি জায়ে-মিয়ং দায়িত্ব নেওয়ার পর এটিই পিয়ংইয়ংয়ের প্রথম এমন সামরিক পদক্ষেপ।
আগামী সপ্তাহে দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে অনুষ্ঠিত হতে যাচ্ছে এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশন (এপেক) ফোরামের শীর্ষ সম্মেলন, যেখানে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প, দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জায়ে-মিয়ং এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বৈঠক হওয়ার কথা রয়েছে।
সূত্র: এক্সপ্রেস ট্রিবিউন
স্বদেশ প্রতিদিন/ আরএফ