প্রকাশ: বুধবার, ২২ অক্টোবর, ২০২৫, ৪:১৮ পিএম

টাঙ্গাইলে নিরাপদ সড়ক দিবস, বিনামূল্যে হেলমেট বিতরণ
‘মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি’ এই স্লোগান সামনে নিয়ে টাঙ্গাইলে নিরাপদ সড়ক দিবস উপলক্ষে বিনামূল্যে হেলমেট বিতরণ করেছে টাঙ্গাইল সড়ক বিভাগ।
এ উপলক্ষে বুধবার সকালে টাঙ্গাইলের ময়মনসিংহ রোডে টাঙ্গাইল সড়ক ও জনপথ বিভাগের কার্যালয়ের সামনে হেলমেট বিহীন মোটরসাইকেল চালকদের শতাধিক হেলমেট বিতরণ করা হয়েছে।
এ সময় সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী সিনথিয়া আজমিরী খান, উপ-বিভাগীয় প্রকৌশলী জাহিদুল ইসলাম, টাঙ্গাইল ট্রাফিক বিভাগের টিআই দেলোয়ার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী সিনথিয়া আজমিরী খান বলেন, সড়ক নিরাপত্তা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, আইন মানার সংস্কৃতি গড়ে তোলা এবং নাগরিকদের মধ্যে দায়িত্ববোধ ও নিরাপত্তা সচেতনতা জাগ্রত করতেই চালকদের মধ্যে হেলমেট বিতরণ করা হয়। একটি হেলমেট শুধু আইন মেনে ব্যবহার করা কোনো বস্ত নয়, এটি জীবনের নিরাপত্তার প্রতীক। সড়কে চলাচলের সময় হেলমেট ব্যবহার ও ট্রাফিক আইন মেনে চলার জন্য সকল মোটরসাইকেল চালকদের আহ্বান জানানো হচ্ছে।
স্বদেশ প্রতিদিন/নিয়াজ