প্রকাশ: বুধবার, ২২ অক্টোবর, ২০২৫, ৪:৩১ পিএম

চট্টগ্রামের মিরসরাইয়ে বিএনপির ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণের সময় বাধার মুখে পড়েছেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনের মনোনয়নপ্রত্যাশী শাহীদুল ইসলাম চৌধুরী। বুধবার সকালে করেরহাট বাজারে লিফলেট বিতরণকালে এ ঘটনা ঘটে।
শাহীদুল ইসলাম চৌধুরীর অভিযোগ, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন চেয়ারম্যানের অনুসারীরা তাদের কর্মসূচিতে বাধা দেয়। এ সময় পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে স্থানীয় সাংবাদিকরা হামলার শিকার হন।
ঘটনার সময় দৈনিক মানবকণ্ঠ ও চ্যানেল এস-এর উপজেলা প্রতিনিধি নাছির উদ্দিন এবং দৈনিক ইনকিলাব প্রতিনিধি ইমাম হোসেন পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে লাঞ্ছিত হন। হামলাকারীরা তাদের ভিডিও ধারণে বাধা দেয় এবং মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে বলে জানান তারা।
শাহীদুল ইসলাম চৌধুরী বলেন, “সমগ্র মিরসরাইয়ে ধানের শীষের পক্ষে পদযাত্রা ও গণসংযোগের অংশ হিসেবে করেরহাটে লিফলেট বিতরণ করছিলাম। এর আগেও কয়েকটি ইউনিয়নে গণসংযোগে ব্যাপক সাড়া পেয়েছি। এতে ঈর্ষান্বিত হয়ে কিছু বহিষ্কৃত নেতাকর্মী ও বিপথগামী অনুসারীরা হামলা চালায়।”
তিনি আরও জানান, করেরহাট ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব ইয়াসিন মিজান ও সাবেক যুগ্ম আহ্বায়ক জহির উদ্দিন বাবলুর নেতৃত্বে এই হামলা চালানো হয়।
তিনি বলেন, “আমি শান্তিপ্রিয় মানুষ। সংঘর্ষ এড়াতে আমরা তাৎক্ষণিকভাবে কার্যক্রম স্থগিত করি”।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে জহির উদ্দিন বাবলু বলেন,“প্রতি হাটবারেই আমরা ধানের শীষের পক্ষে গণসংযোগ করি। বুধবারও একই কর্মসূচিতে অংশ নিতে গিয়ে শাহীদুল ইসলাম চৌধুরীর সঙ্গে মুখোমুখি হই। সামান্য তর্কাতর্কি হয়েছে, তবে হামলার অভিযোগ সত্য নয়।”
স্বদেশ প্রতিদিন/ আরএফ