প্রকাশ: মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫, ৫:৩৮ পিএম

হবিগঞ্জের মাধবপুরে জেলা জামায়াতের আমির ও হবিগঞ্জ-৪ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য (এমপি) প্রার্থী কাজী মাওলানা মখলিছুর রহমানের গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছে।
সোমবার (২০ অক্টোবর) রাতে উপজেলার বহরা ইউনিয়নের রাজাপুর এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ওই রাতে কাজী মখলিছুর রহমান কাসিমনগর বাজারে নির্বাচনী গণসংযোগ শেষে রাজাপুর চৌধুরী বাড়িতে উঠান বৈঠকে অংশ নেন। বৈঠক শেষে ফেরার পথে রাজাপুর এলাকায় পৌঁছালে তার ব্যক্তিগত গাড়ির ওপর ইট-পাটকেল নিক্ষেপ করে একদল দুর্বৃত্ত। এতে গাড়ির সামনের কাঁচ ভেঙে যায় এবং ভেতরে থাকা কর্মীরা আতঙ্কিত হয়ে পড়েন। ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে খবর পেয়ে স্থানীয় থানা পুলিশ ঘটনাস্থলে যায়।
ঘটনার তীব্র প্রতিক্রিয়া জানিয়ে মাধবপুর উপজেলা জামায়াত একটি বিবৃতি প্রকাশ করেছে। বিবৃতিতে বলা হয়, “এই হামলা পূর্বপরিকল্পিত। দোষীদের দ্রুত আইনের আওতায় না আনলে ভবিষ্যতে বড় ধরনের অঘটনের দায় প্রশাসনকেই নিতে হবে।”
হামলার বিষয়ে এই প্রতিবেদকের সঙ্গে আলাপকালে প্রার্থী কাজী মাওলানা মখলিছুর রহমান বলেন, “আমরা শান্তিপূর্ণভাবে গণসংযোগ করে ফিরছিলাম। হঠাৎ আমাদের গাড়ির দিকে ইট-পাটকেল নিক্ষেপ করা হয়। তবে কেউ আহত হয়নি। কে বা কারা জড়িত, তা নিশ্চিত নই। বিষয়টি পুলিশকে জানিয়েছি।”
মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শহীদ উল্লাহ জানান, “ঘটনার পর একজন ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে। তার নাম সেলিম মিয়া (৩২)। এলাকাবাসী জানিয়েছেন, তিনি মানসিক প্রতিবন্ধী। তাই তাকে আটক করা হয়নি।”
তিনি আরও বলেন, “এ ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ করা হয়নি। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।”
এদিকে, হামলার ঘটনাকে কেন্দ্র করে হবিগঞ্জের সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। জামায়াত-শিবির সংশ্লিষ্ট নানা গোষ্ঠীর মধ্যে ক্ষোভ বিরাজ করছে।
স্বদেশ প্রতিদিন/কেআইকে