প্রকাশ: মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫, ৪:৫৩ পিএম

আসার প্রথম ১০ দিনের মধ্যেই বিক্রিতে আগের বছরের আইফোন ১৬ সিরিজকে ছাড়িয়ে গেছে আইফোন ১৭ সিরিজ। প্রথম ১০ দিনে চীন ও যুক্তরাষ্ট্রে দুই দেশেই নতুন সিরিজের বিক্রি বেড়েছে প্রায় ১৪ শতাংশ।
গবেষণা প্রতিষ্ঠান কাউন্টারপয়েন্টের তথ্য অনুযায়ী, আইফোন ১৭ মডেলের বিক্রি এককভাবে বেড়েছে ৩১ শতাংশ, যা চীনে প্রায় দ্বিগুণ।
আগের বছরের মডেলের সমান রেখে আইফোন ১৭-এর দাম রাখা হয়েছে ৭৯৯ ডলার। ফলে উন্নত ক্যামেরা, ফাস্ট চিপ, উন্নত ডিসপ্লে ও বাড়তি স্টোরেজ ক্রেতাদের আপগ্রেডে আগ্রহী করে তুলেছে।
নতুন সিরিজের বিক্রির সাফল্যেয় অ্যাপলের শেয়ারমূল্য সোমবার ৪.২ শতাংশ বেড়ে ২৬২.৯ ডলারে দাঁড়িয়েছে। এতে কোম্পানির বাজারমূল্য প্রায় ৩.৯ ট্রিলিয়ন ডলারে পৌঁছে, যা বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ। প্রথম স্থানে রয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা চিপ নির্মাতা এনভিডিয়া।
বিশেষজ্ঞদের মতে, চীনে অনলাইনে অর্ডার নেওয়া শুরু হওয়ায় ডিসেম্বর ত্রৈমাসিকে আরও বিক্রি বাড়তে পারে। পাশাপাশি, যুক্তরাষ্ট্রে শুল্ক নিয়ে অনিশ্চয়তা থাকা সত্ত্বেও অ্যাপল দাম অপরিবর্তিত রাখায় বাজারে আস্থা ফিরে এসেছে।
নতুন আইফোন এয়ার মডেলসহ গত সেপ্টেম্বরে আইফোন ১৭ সিরিজ উন্মোচন করে অ্যাপল। বিশ্লেষকদের মতে, চীনা বাজারে প্রতিদ্বন্দ্বিতা বাড়লেও অ্যাপলের বিক্রির গতি প্রত্যাশার চেয়েও ভালো।
স্বদেশ প্রতিদিন/এসএম