
সংগৃহীত ছবি
বিশ্বে প্রথমবারের মতো রোবটের হাতে ব্রেন টিউমার সার্জারিতে সফলতা অর্জন করেছে সৌদি আরব। এই যুগান্তকারী অপারেশনের মধ্য দিয়ে চিকিৎসা বিজ্ঞানে নতুন ইতিহাস গড়েছে দেশটি।
রিয়াদের কিং ফয়সাল স্পেশালিস্ট হাসপাতাল ও গবেষণা কেন্দ্রে এই রোবটিক সার্জারি সম্পন্ন হয়। এতে রোবোটিক প্রযুক্তি ব্যবহার করে ৬৮ বছর বয়সী এক ব্যক্তির মস্তিষ্কে থাকা ৪.৫ সেন্টিমিটার টিউমার সফলভাবে অপসারণ করা হয়। তিনি তীব্র মাথাব্যথা ও নানা স্নায়ুবিষয়ক সমস্যায় ভুগছিলেন।
অপারেশনের পর মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই রোগী সম্পূর্ণ সচেতন অবস্থায় হাসপাতাল থেকে ছাড়পত্র পান, যা প্রচলিত মস্তিষ্ক সার্জারির তুলনায় চারগুণ দ্রুত।
প্রধান সার্জন ও টিউমার বিশেষজ্ঞ ডা. হোমুদ আল-দাহাশ বলেন, “রোবোটিক সিস্টেম অতুলনীয় নির্ভুলতা ও নিয়ন্ত্রণ দেয়, যা সার্জনদের নিরাপত্তা নিশ্চিত করে এবং গুরুত্বপূর্ণ নিউরোভাসকুলার কাঠামো শনাক্তে সহায়তা করে।”
তিনি আরও জানান, রোগীর দ্রুত আরোগ্য এবং একই দিনে সচেতন হওয়ার ঘটনাটি নিউরোসার্জারিতে এক নতুন বৈশ্বিক মানদণ্ড স্থাপন করেছে।
এক ঘণ্টাব্যাপী এ অস্ত্রোপচারে থ্রিডি অপটিক্যাল সিস্টেম ব্যবহার করে সার্জনরা মস্তিষ্কের স্পষ্ট ও বিবর্ধিত দৃশ্য পান, যা তাদের কাজকে সহজ করেছে। উন্নত চিত্রনির্ভর নেভিগেশন প্রযুক্তি মস্তিষ্কের গুরুত্বপূর্ণ অংশগুলো সুরক্ষিত রেখে সুনির্দিষ্টভাবে টিউমার অপসারণে সহায়তা করেছে।
হাসপাতালের সিইও ডা. মাজিদ আল-ফায়াদ বলেন, “এই অর্জন আমাদের চলমান রূপান্তরের অংশ এবং এটি প্রমাণ করে যে, চিকিৎসা উদ্ভাবনে কিং ফয়সাল হাসপাতাল বিশ্বব্যাপী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।”
রোবটিক নিউরোসার্জারি আগমনের আগে চিকিৎসকরা শুধুমাত্র মাইক্রোস্কোপ ও হাতের নিখুঁত নিয়ন্ত্রণের ওপর নির্ভর করতেন। কিন্তু রোবটিক প্রযুক্তি এখন সেই সীমাবদ্ধতা দূর করেছে; এটি বাড়িয়েছে স্থিতিশীলতা, কম্পন নিয়ন্ত্রণ ও দৃশ্যের সূক্ষ্মতা, যা বিশ্বব্যাপী নিউরোসার্জারির নিরাপত্তা মানদণ্ড নতুনভাবে সংজ্ঞায়িত করছে।
এর আগে কিং ফয়সাল হাসপাতাল বিশ্বের প্রথম রোবটিক হার্ট ট্রান্সপ্লান্ট ও লিভার ট্রান্সপ্লান্ট সম্পন্ন করে আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করে। এই ধারাবাহিক সাফল্যের ফলে হাসপাতালটি এখন রোবটিক ও মিনিমালি ইনভেসিভ সার্জারির শীর্ষ কেন্দ্রগুলোর একটি হিসেবে প্রতিষ্ঠিত।
২০২৫ সালের বিশ্বের ২৫০টি শীর্ষ একাডেমিক মেডিকেল সেন্টারের তালিকায় প্রতিষ্ঠানটি মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকায় প্রথম এবং বৈশ্বিকভাবে ১৫তম অবস্থানে রয়েছে। এছাড়া, ২০২৪ সালে এটি মধ্যপ্রাচ্যের সবচেয়ে মূল্যবান স্বাস্থ্যসেবা ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে। ‘নিউজউইক’-এর ওয়ার্ল্ডস বেস্ট হাসপাতাল ২০২৫, বেস্ট স্মার্ট হাসপাতাল ২০২৫ এবং বেস্ট স্পেশালাইজড হাসপাতাল ২০২৬ তালিকাতেও স্থান পেয়েছে কিং ফয়সাল হাসপাতাল।
সূত্র: আরব নিউজ