প্রকাশ: মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫, ১:০৫ পিএম

জাপানের রাজনৈতিক ইতিহাসে নতুন এক অধ্যায়ের সূচনা হয়েছে। দেশটির পার্লামেন্টের ভোটে নির্বাচিত হয়েছেন প্রথম নারী প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি।
মঙ্গলবার (২১ অক্টোবর) অনুষ্ঠিত পার্লামেন্ট অধিবেশনে তাকাইচি লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রার্থী হিসেবে ২৩৭ ভোট পেয়ে জয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী, ডেমোক্রেটিক পার্টি অব জাপানের ইউশিহিকো নোদা পান ১৪৯ ভোট।
ভোটের ফল ঘোষণার সঙ্গে সঙ্গে পার্লামেন্টে উপস্থিত সদস্যরা তাকাইচিকে অভিনন্দন জানান এবং উষ্ণ করতালির মাধ্যমে স্বাগত জানান। গত জুলাইয়ে এলডিপির নির্বাচনী ভরাডুবির পর দেশটিতে তিন মাস ধরে চলা রাজনৈতিক অস্থিরতা ও নেতৃত্বহীনতার অবসান ঘটলো এই নির্বাচনের মাধ্যমে।
৬৪ বছর বয়সী সানায়ে তাকাইচি এলডিপির কট্টরপন্থী শাখার সদস্য হিসেবে পরিচিত। তার রক্ষণশীল রাজনৈতিক অবস্থান এবং দৃঢ় নেতৃত্বের জন্য তিনি জাপানের ‘আয়রন লেডি’ উপাধি পেয়েছেন। দীর্ঘ ৩০ বছরের সংসদীয় অভিজ্ঞতা সম্পন্ন এই নেত্রী এর আগে অর্থনৈতিক নিরাপত্তা ও অভ্যন্তরীণ বিষয়কমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
স্বদেশ প্রতিদিন/কেআইকে