
উত্তরবঙ্গের ন্যায্য দাবির পক্ষে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি জানিয়ে ঢাকা কলেজে মশাল মিছিল ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার রাতে নর্থ বেঙ্গল স্টুডেন্টস এসোসিয়েশন (NBSA) এ আয়োজন করে।
রাজশাহী ও রংপুর বিভাগের ১৬টি জেলার জেলা ছাত্রকল্যাণ সমিতির যৌথ উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে অংশ নেন শত শত উত্তরবঙ্গের শিক্ষার্থী। ঢাকা কলেজ ক্যাম্পাস উত্তাল হয়ে ওঠে শিক্ষার্থীদের স্লোগান ও প্রগোলনের মাধ্যমে।
সমাবেশে বক্তব্য রাখেন ১৬টি জেলার জেলা ছাত্রকল্যাণ সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ। অনুষ্ঠানের সঞ্চালনা করেন ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রাকিবুল হাসান রাকিব। এ ছাড়া উপস্থিত ছিলেন ঢাকা কলেজ ছাত্রদলের সাবেক সিনিয়র নেতৃবৃন্দ, আহ্বায়ক পিয়াল হাসান, বিভিন্ন রাজনৈতিক ও ছাত্র সংগঠনের প্রতিনিধি—ছাত্রশিবির, বাম ছাত্র আন্দোলন, ছাত্র ইউনিয়ন, বাগছাসসহ অন্যান্য প্রগতিশীল সংগঠনের নেতৃবৃন্দ।
কর্মসূচি আয়োজন ও সমন্বয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন ঢাকা কলেজ ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মোজাম্মেল পারভেজ, যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান, ঢাকা কলেজের সাবেক ছাত্রনেতা সোহান, যুগ্ম আহ্বায়ক রাকিবুল হাসান রাকিব, যুগ্ম আহ্বায়ক আনিসুর রহমান আনিস, যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম, আহ্বায়ক সদস্য সবুর খান এবং ইসলামিক ছাত্র আন্দোলনের ঢাকা কলেজ শাখার সভাপতি রিদওয়ান।
বক্তারা বলেন, “উত্তরবঙ্গের জীবন ও জীবিকা তিস্তার ওপর নির্ভরশীল। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন এখন সময়ের দাবি। সরকারকে অবিলম্বে প্রকল্পটি বাস্তবায়নে দৃঢ় পদক্ষেপ নিতে হবে।”
এছাড়া তারা উল্লেখ করেন, “তিস্তা শুধু উত্তরবঙ্গের নয়—এটি পুরো বাংলাদেশের দাবি। তিস্তা প্রকল্প বাস্তবায়ন মানে কৃষক বাঁচানো, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা এবং জাতীয় অর্থনীতিকে শক্তিশালী করা।”
সমাবেশে বক্তারা সতর্ক করে বলেন, “সরকার দ্রুত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ না নিলে শিক্ষার্থীরা আরও কঠোর আন্দোলনের কর্মসূচি নেবে।”
সমাবেশ শেষে শিক্ষার্থীরা মশাল হাতে ক্যাম্পাস প্রদক্ষিণ করেন এবং ‘তিস্তা বাঁচাও, দেশ বাঁচাও’, ‘তালবাহানা নয়, এখনই তিস্তা বাস্তবায়ন চাই’ স্লোগানে এলাকায় মুখরিত করে তোলে।
স্বদেশ প্রতিদিন/এনআর