প্রকাশ: মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫, ৬:১০ AM

প্রতীকী ছবি
জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক এখন ভিডিওকেন্দ্রিক অভিজ্ঞতা বৃদ্ধির পথে হাঁটছে। যা অনেকটা টিকটকের অনুকরণে তৈরি। মেটা জানিয়েছে, তারা ফেসবুকের রিলস (Reels) ফিচারকে আরও উন্নত করছে, যাতে ব্যবহারকারীরা দীর্ঘ সময় ভিডিও দেখায় আগ্রহী থাকেন।
নতুন আপডেটে যুক্ত হচ্ছে ‘ফ্রেন্ড বাবল (Friend Bubble)’ নামের ফিচার। কোনো ব্যবহারকারীর বন্ধু যদি কোনো রিলসে লাইক দেন, তাহলে ভিডিওর কোণে তার প্রোফাইল বাবল দেখা যাবে। সেই বাবলে ট্যাপ করলেই সরাসরি চ্যাট শুরু করা যাবে। মেটার মতে, এটি ব্যবহারকারীদের পারস্পরিক যোগাযোগ ও বন্ধুত্ব আরও গভীর করবে।
এছাড়া রিলসের রিকমেন্ডেশন ইঞ্জিনও উন্নত করা হয়েছে। এখন এটি ব্যবহারকারীর আগ্রহ দ্রুত বুঝে প্রাসঙ্গিক ভিডিও সাজেস্ট করতে পারবে। ফলে আগের তুলনায় ব্যবহারকারীরা ফেসবুকে ২০ শতাংশ বেশি সময় ভিডিও দেখছেন।
মেটার তথ্য অনুযায়ী, এখন ফেসবুকে প্রকাশিত ভিডিওর অর্ধেকের বেশি রিলস ফরম্যাটে, যার বেশিরভাগই আপলোড হয় একই দিনে। এতে ব্যবহারকারীরা আরও নতুন ও সাম্প্রতিক কনটেন্ট পাচ্ছেন।
যদিও চলতি বছরের শুরুতে মেটার সিইও মার্ক জুকারবার্গ বলেছিলেন, তিনি পুরনো দিনের ফেসবুক ফিরিয়ে আনতে চান, তবে বিশ্লেষকরা মনে করছেন, এই পরিবর্তনগুলো আসলে টিকটক ধাঁচের ভিডিও অভিজ্ঞতা তৈরির অংশ।
স্বদেশ প্রতিদিন/শাহো