প্রকাশ: রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫, ৭:১৫ পিএম

দীর্ঘ সাড়ে ২৬ ঘণ্টার চেষ্টার পর অবশেষে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে লাগা ভয়াবহ আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে এসেছে। রোববার বিকেল ৪টা ৫৫ মিনিটে আগুন পুরোপুরি নির্বাপণ করা হয়।
বিকেল ৫টায় বিমানবন্দরের ৮ নম্বর গেটের সামনে আয়োজিত এক ব্রিফিংয়ে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লে. কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী এ তথ্য জানান।
তিনি বলেন, “আমরা বিকেল ৪টা ৫৫ মিনিটে আনুষ্ঠানিকভাবে আগুন সম্পূর্ণ নির্বাপণ ঘোষণা করছি।”
তাজুল ইসলাম আরও জানান, “যদিও আগুন নিভে গেছে, কিন্তু এখানে স্টিল স্ট্রাকচার থাকায় এগুলো প্রচণ্ড তাপ শোষণ করেছিল এবং এখনো কিছুটা তাপ নির্গত হচ্ছে। এজন্য কিছু ধোঁয়া দেখা যাচ্ছে, তবে ভয় পাওয়ার কিছু নেই। কোনো দৃশ্যমান আগুন নেই। যদি পুনরায় কোনো শিখা দেখা দেয়, আমাদের চারটি ইউনিট প্রস্তুত অবস্থায় থাকবে যতক্ষণ পর্যন্ত ধোঁয়া পুরোপুরি না কমে।”
তিনি আশা প্রকাশ করেন, বড় কোনো বিপদের আশঙ্কা আর নেই এবং আগুন সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে এসেছে।
উল্লেখ্য, শনিবার দুপুর আনুমানিক ২টা ১৫ মিনিটে বিমানবন্দরের কার্গো ভিলেজ এলাকায় আকস্মিকভাবে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। খবর পেয়ে বিমানবন্দরের নিজস্ব ফায়ার ইউনিট, বাংলাদেশ বিমান বাহিনী এবং অন্যান্য সংশ্লিষ্ট সংস্থা দ্রুত ঘটনাস্থলে গিয়ে সম্মিলিতভাবে আগুন নেভানোর কাজ শুরু করে।
অগ্নিনির্বাপণ কার্যক্রমে মোট ১৩টি স্টেশনের ৩৭টি ইউনিট অংশ নেয় এবং প্রায় সাড়ে একদিনের প্রচেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
স্বদেশ প্রতিদিন/ আরএফ