প্রকাশ: রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫, ৭:২২ পিএম

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য বাড়ি ভাড়া ভাতা মূল বেতনের ৫ শতাংশ হারে (সর্বনিম্ন ২,০০০ টাকা) বৃদ্ধির ঘোষণা দেওয়ার পর আন্দোলনরত শিক্ষকদের শ্রেণিকক্ষে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার।
রোববার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “শিক্ষা মন্ত্রণালয় সব সময় শিক্ষকদের স্বার্থ রক্ষায় সচেষ্ট। বাড়ি ভাতা সংক্রান্ত বিষয়ে ইতোমধ্যে ইতিবাচক অগ্রগতি হয়েছে। আমি মনে করি, এখন আন্দোলনরত শিক্ষকরা শ্রেণিকক্ষে ফিরে যাবেন এবং স্কুলের নিয়মিত শিক্ষা কার্যক্রম শুরু হবে।”
ড. আবরার আরও বলেন, “আমরা স্বীকার করি শিক্ষক সমাজ আরও বেশি পাওয়ার যোগ্য। তবে বর্তমান আর্থিক সীমাবদ্ধতার মধ্যে থেকেই অর্থ মন্ত্রণালয় বরাদ্দ দিয়েছে। আমাদের পক্ষ থেকেও সর্বোচ্চ চেষ্টা করা হয়েছে।”
উল্লেখ্য, শিক্ষক-কর্মচারীদের আন্দোলনের মুখে সরকার বাড়ি ভাড়া ভাতা মূল বেতনের ৫ শতাংশ হারে বৃদ্ধি করেছে, যা সর্বনিম্ন ২,০০০ টাকা ধরা হয়েছে। রোববার সকালে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের প্রবিধি অনুবিভাগের উপসচিব মরিয়ম মিতুর স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয়।
নতুন এই ভাতা আগামী নভেম্বর থেকে কার্যকর হবে। তবে সরকারের এই প্রজ্ঞাপন প্রত্যাখ্যান করে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষকরা।
স্বদেশ প্রতিদিন/ আরএফ