ঢাকা মহানগর উত্তর যুবদলের আহ্বায়ক শরীফ উদ্দিন জুয়েল বলেছেন, কুষ্টিয়া দৌলতপুর উপজেলার সর্বসাধারণের শতভাগ স্বাস্থ্যসেবা নিশ্চিত করার পাশাপাশি কেউ যাতে বিনা চিকিৎসা মারা না যায় সে জন্য শতভাগ স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে।
আজ শনিবার (১৮ অক্টোবর) নুরজাহান রহমান ফাউন্ডেশনের উদ্যোগে দৌলতপুর পাইলট হাইস্কুল মাঠে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
এদিন উপজেলার ১৪টি ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে আগত বিভিন্ন রোগে আক্রান্ত রোগীরা এ ক্যাম্পে চিকিৎসা সেবা নেন। ঢাকা থেকে বিশেষজ্ঞ চিকিৎসক দল দিনব্যাপী রোগীদের চিকিৎসাসেবা দেন।
কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের বিএনপি দলীয় মনোনয়ন প্রত্যাশী শরীফ উদ্দিন জুয়েল বলেন, “স্বাধীনতার পর থেকেই অদ্যাবধি দৌলতপুর একটি অবহেলিত উপজেলা। এখানে অনেক রাজনৈতিক নেতা ক্ষমতাসীন হলেও দীর্ঘ ৫৪ বছরে সে অর্থে দৃশ্যমান কোনো উন্নয়ন হয়নি। আমি যদি দৌলতপুর থেকে মনোনয়ন পাই এবং বিএনপি সরকার গঠন করে, তাহলে দৌলতপুরের ৫০ শয্যার হাসপাতালকে আধুনিক হাসপাতালে রূপান্তরিত করবো। স্বাস্থ্যখাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে শতভাগ স্বাস্থ্যসেবা নিশ্চিত করবো।”
তিনি আরও বলেন, “সন্ত্রাস ও মাদকমুক্ত দৌলতপুর গড়ে তুলতে যা যা করণীয় তাই করা হবে। চিলমারী ও রামকৃষ্ণপুর ইউনিয়নের প্রায় দেড়লক্ষ মানুষ একটি সেতুর অভাবে নাগরিক সেবা থেকে বঞ্চিত। আমি এমপি হলে এবং বিএনপি সরকারে এলে সেখানে একটি স্থায়ী সেতু নির্মাণ করবো। দৌলতপুরের প্রতিটি কৃষক যাতে ন্যায্য মূল্যে সার ও বীজ পায় তা নিশ্চিত করা হবে।”
নারীদের অর্থনৈতিক স্বনির্ভরতা নিশ্চিত করতে কুটির শিল্প স্থাপন এবং সুদমুক্ত ঋণের ব্যবস্থা করার প্রতিশ্রুতি দিয়ে শরীফ উদ্দিন জুয়েল বলেন, “দৌলতপুরের মা-বোনদের স্বনির্ভর করতে কুটির শিল্প গড়ে তোলা হবে, যেখানে সুদমুক্ত ঋণের ব্যবস্থা থাকবে যেন তারা নিজেরাই নিজেদের ভাগ্য গড়তে পারে।”
সমতাভিত্তিক সমাজ প্রতিষ্ঠার অঙ্গীকার করে তিনি বলেন, “ধর্মীয় মূল্যবোধ বজায় রেখে এমন একটি রাষ্ট্র গঠন করা হবে, যেখানে অবহেলিত বৃদ্ধ-বৃদ্ধারা তাদের সন্তানদের দ্বারা অবহেলিত না হয়। এই লক্ষ্যে সামাজিক আন্দোলন গড়ে তোলা হবে।”
এরপর বিকেল থেকে রাত পর্যন্ত উপজেলার মরিচা ইউনিয়নের বৈরাগীর চর বাজারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ‘রাষ্ট্র মেরামতের ৩১ দফা’ প্রচার ও প্রসারে লিফলেট বিতরণ করেন শরিফ উদ্দিন জুয়েল। এ সময় তিনি পথসভায় উপস্থিত হাজারও জনতার উদ্দেশ্যে দৌলতপুর বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব আলতাফ হোসেনকে নিয়ে প্রতিপক্ষের কিছু নেতা-কর্মীর কটূক্তির প্রতিবাদ জানিয়ে বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে আলতাফ হোসেন দৌলতপুরে বিএনপি প্রতিষ্ঠা করেছেন। তাকে অপমান মানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে অপমান। এ ধরনের আচরণের দাঁতভাঙ্গা জবাব দেওয়া হবে বলে তিনি হুসিয়ার করে দেন।”
তিনি অভিযোগ করে আরো বলেন, “একটি মহল মনোনয়ন নিয়ে দৌলতপুরের মানুষের বিশ্বাস ভঙ্গ করছে। তারা অপপ্রচার চালাচ্ছে। এই অপপ্রচারে কেউ বিভ্রান্ত হবেন না। যেদিন দল থেকে মনোনয়ন ঘোষণা করবে, তা আপনারা মিডিয়ার মাধ্যমেই জানতে পারবেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো মিথ্যা গুজবে কেউ কান দিবেন না।”
এছাড়াও তিনি মরিচা ইউনিয়নের কোলদিয়াড় এলাকায় পদ্মা নদীর ভাঙনে ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলেন এবং পদ্মার ভাঙনরোধে স্থায়ী বাঁধ নির্মাণের আশ্বাস দেন।
এর আগে, শুক্রবার (১৭ অক্টোবর) দৌলতপুর সদর ইউনিয়নের দৌলতখালী হাইস্কুল মাঠে ফুটবল ম্যাচ উদ্বোধন করেন শরিফ উদ্দিন জয়েল। সেখানে তিনি বলেন, “মাদকমুক্ত সমাজ গড়তে তরুণদের খেলাধুলায় আগ্রহী করে তুলতে হবে। আর এ জন্য যেসব পদক্ষেপ নেওয়া প্রয়োজন, তা নেওয়া হবে।”
পৃথক এসব কর্মসূচিতে শরীফ উদ্দিন জুয়েলের সাথে উপস্থিত ছিলেন, দৌলতপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব আলতাফ হোসেন, দৌলতপুর কৃষকদলের আহ্বায়ক আরিফুল ইসলাম নান্নু মাস্টার, দৌলতপুর কৃষকদলের যুগ্ম আহ্বায়ক নারী নেত্রী সুরাইয়া আক্তার কাজল, দৌলতপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আবিদ হাসান মন্টি সরকার, দৌলতপুর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক কমিটির সদস্য আলাউদ্দিন বাদল, দৌলতপুর যুবদলের সদস্য সচিব রেজাউর রহমান মাসুম ও যুবদলের যুগ্ম আহ্বায়ক জাফর ইকবাল কর্নেলসহ বিএনপি, যুবদল, ছাত্রদল নেতৃবৃন্দ।
স্বদেশ প্রতিদিন/আইএমএস/ওএফ