গফরগাঁওয়ে প্রফেসর ডা. হাদী ফাউন্ডেশনের মেডিকেল ক্যাম্প
প্রকাশ: শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫, ১০:৫০ পিএম

সংগৃহীত ছবি
ময়মনসিংহের গফরগাঁওয়ে দেশের খ্যাতিমান চিকিৎসকদের অংশগ্রহণে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেছে প্রফেসর ডা. হাদী ফাউন্ডেশন।
শুক্রবার (১৭ অক্টোবর) পৌরসভার শিলাসী এলাকায় প্রয়াত প্রফেসর ডা. এম এ হাদীর নিজ বাড়িতে দিনব্যাপী মেডিকেল ক্যাম্পটি অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (সাবেক পিজি হাসপাতাল) সাবেক ভিসি, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সাবেক সভাপতি এবং ড্যাবের কেন্দ্রীয় কমিটির প্রয়াত সভাপতি প্রফেসর ডা. এম এ হাদীর স্মরণে এ ক্যাম্পের আয়োজন করা হয়।
স্বাস্থ্য ক্যাম্পে নব্বইয়ের অধিক বিশেষজ্ঞ চিকিৎসক দুস্থ ও অসহায়সহ বিভিন্ন স্তরের প্রায় নয় শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ প্রদান করেন। বিভিন্ন বিভাগ যেমন মেডিসিন, গাইনি, শিশু, চর্ম, হৃদরোগ, ডেন্টালসহ নানা বিষয়ে বিশেষজ্ঞ চিকিৎসকরা রোগী দেখেন।
প্রফেসর ডা. হাদী ফাউন্ডেশনের পরিচালক মো. দেলোয়ার হোসেন জানান, প্রয়াত ডা. হাদীর দুই ছেলে বিদেশে থাকলেও নিয়মিতভাবে এই সেবামূলক কার্যক্রম তদারকি করেন। তিনি আরও বলেন, জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতে এই স্বাস্থ্য কার্যক্রমকে একটি পূর্ণাঙ্গ আধুনিক হাসপাতালে রূপান্তর করার পরিকল্পনা রয়েছে।
এ সময় স্থানীয়রা বিনামূল্যে স্বাস্থ্যসেবা পাওয়ায় সন্তোষ প্রকাশ করেন এবং এমন উদ্যোগ অব্যাহত রাখার অনুরোধ জানান।
প্রফেসর ডা. এম এ হাদীর ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এই স্বাস্থ্য ক্যাম্প শেষে বাদ জুমা মরহুমের কবরে জিয়ারত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
স্বদেশ প্রতিদিন/শাহো