প্রকাশ: শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫, ৬:৫২ পিএম আপডেট: ১৭.১০.২০২৫ ৭:০২ PM

চট্টগ্রামের মীরসরাইয়ে পারিবারিক কলহের জেরে স্বামীর লাথির আঘাতে রীনা আক্তার (২৯) নামে এক নারীর মৃত্যু হয়েছে।
বুধবার (১৬ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার ১১নং মঘাদিয়া ইউনিয়নের মিয়াপাড়ার জয় বাংলা হাউজ এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত রীনা আক্তার মীরসরাই অর্থনৈতিক অঞ্চলের খাইশি গার্মেন্টসে কর্মরত ছিলেন। তাঁর স্বামী আলমগীর হোসেন (৩৩) একই প্রতিষ্ঠানে কাজ করতেন। দম্পতি ভাড়াটিয়া হিসেবে ওই এলাকায় বসবাস করতেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহের এক পর্যায়ে আলমগীর হোসেন রীনা আক্তারকে লাথি মারলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন এবং ঘটনাস্থলেই মারা যান।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
মীরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান বলেন, “স্বামীর লাথির আঘাতে স্ত্রী রীনা আক্তারের মৃত্যু হয়েছে। ঘটনার পরপরই স্বামী আলমগীর হোসেনকে আটক করা হয়েছে। ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে, তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
স্বদেশ প্রতিদিন/কেআইকে