প্রকাশ: শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫, ৭:০৩ পিএম

সংগৃহীত ছবি
বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ বলেছেন, স্বৈরাচারের দোসররা ক্রীড়াঙ্গনকেও দলীয়করণে ছাড় দেয়নি। তিনি অভিযোগ করেন, বিশেষ মহল স্থানীয় পর্যায়ের অনেক আওয়ামী লীগ নেতা-কর্মীকে পুনর্বাসন করে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।
শুক্রবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় বরিশাল নগরীর ৩০ নং ওয়ার্ডে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় সাধারণ মানুষের জন্য আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনকালে এবং বিকেলে সদর উপজেলার চরকাউয়া ইউনিয়নের চরকরনজি হাই-স্কুল মাঠে ক্রীড়া প্রতিযোগিতার ফাইনালে পুরস্কার বিতরণ শেষে তিনি এসব মন্তব্য করেন।
রহমাতুল্লাহ বলেন, একটি মহল আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে নিজের স্বার্থ হাসিলের জন্য গ্রামে-গঞ্জে নানা লেবাস ও পদ্ধতিতে বিএনপির বিরুদ্ধে মিথ্যাচার চালাচ্ছে। তারা নিজেদের সুবিধামতো নির্বাচনের আগে স্থানীয় নেতাদের পুনর্বাসিত করছে।
তিনি আরও বলেন, বিগত সরকার স্বাস্থ্যখাতকে লুটেপুটে খেয়েছে। হাসপাতালগুলোতে প্রয়োজনীয় সরঞ্জাম না কিনে বিল তোলা ও কোটি কোটি টাকা আত্মসাৎ হয়েছে। ক্রীড়াঙ্গনও দলীয়করণের শিকার হয়েছে।
রহমাতুল্লাহ বলেন, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফার আলোকে রাষ্ট্র গঠন করলে স্বাস্থ্যখাত ও ক্রীড়াঙ্গনকে দুর্নীতিমুক্ত ও সাধারণ মানুষের উপযোগী করে গড়ে তোলা সম্ভব হবে, যা দেশের জনগণ ও যুবসমাজ সরাসরি অনুভব করবে। তিনি আগামী জাতীয় নির্বাচনে ধানের শীষ প্রতীকের পক্ষে ভোটের আহবান জানান।
ফ্রি মেডিকেল ক্যাম্পে উপস্থিত ছিলেন বরিশাল মহানগর কর্মজীবিদলের আহ্বায়ক মো. আমিনুল ইসলাম আমিন, কেন্দ্রীয় সংসদের যুগ্ন সাধারণ সম্পাদক কে এম হাবিবুর রহমান, জেলা উত্তরের সভাপতি নাজমুল হুদা তালুকদার, জেলা দক্ষিণের সাদাম হোসেন ও ৩০ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক প্রমুখ।
ক্রীড়া প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন চরকাউয়া ইউনিয়নের বিএনপি’র সাবেক আহ্বায়ক মামুন সরদার গনী, সদর উপজেলা ছাত্রদলের যুগ্ন আহ্বায়ক রাহাত তালুকদার, ৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য বিপ্লব হাওলাদার ও সমাজসেবক কবির হাওলাদার প্রমুখ।
স্বদেশ প্রতিদিন/শাহো