প্রকাশ: শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫, ১:৪০ AM

চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (সিইপিজেড)-এর একটি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে টানা সাত ঘণ্টা চেষ্টার পরও আগুন নিয়ন্ত্রণে আনতে পারেনি ফায়ার সার্ভিস। প্রচণ্ড তাপ আর ধোঁয়ায় ক্লান্ত উদ্ধারকর্মীরা একপর্যায়ে প্রায় অসহায় হয়ে পড়েছিলেন। ঠিক সেই সময় রাত ১০টার দিকে নামা বৃষ্টিতে কিছুটা স্বস্তি ফিরে আসে ফায়ার সার্ভিস সদস্যদের মধ্যে।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে আগুন লাগার পর থেকে রাত ১০টা পর্যন্ত টানা জ্বলতে থাকে সাততলা ভবনটি। বিকেল গড়িয়ে সন্ধ্যার পর আগুন আরও ভয়াবহ রূপ নেয়, ছড়িয়ে পড়ে ভবনের প্রতিটি তলায়। আগুনের প্রচণ্ড তাপে ফায়ার সার্ভিস সদস্যদের কিছু সময়ের জন্য পিছু হটতেও হয়।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম জানান, ভবনের পাঁচ, ছয় ও সাত তলায় প্রথমে আগুন লাগে, পরে তা নিচের তলাগুলোতেও ছড়িয়ে পড়ে। একাধিক ইউনিট একযোগে কাজ করলেও আগুন নিয়ন্ত্রণে আনতে সময় লাগছে।
চট্টগ্রাম নগর পুলিশের বন্দর জোনের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) মো. জাহাঙ্গীর বলেন, আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে ভবন ধসে পড়ার আশঙ্কা দেখা দেয়। তবে এখন পর্যন্ত কেউ ভেতরে আটকা পড়ার খবর পাওয়া যায়নি।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কারখানার নিরাপত্তাকর্মী মোহাম্মদ রফিকুল ইসলাম জানান, সকালে ডিউটি শেষ করে বাড়ি ফেরার পর দুপুরে খবর পান কারখানায় আগুন লেগেছে। সন্ধ্যার দিকে এসে দেখেন সাততলা ভবনটিতে ভয়াবহ আগুন। নিচতলায় তোয়ালে তৈরির কারখানা এবং তিন থেকে সাত তলা পর্যন্ত ছিল চীনা মালিকানাধীন ‘জি ওয়ান মেডিকেল ইকুইপমেন্ট ইন্ডাস্ট্রিজ’। প্রায় চার থেকে পাঁচ হাজার শ্রমিক কাজ করতেন এই কারখানায়।
স্বদেশ প্রতিদিন/ আরএফ