প্রকাশ: শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫, ১:৪৪ AM

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে ঘোষিত পাঁচটি হলের ফলে সহ-সভাপতি (ভিপি) ও সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে এগিয়ে আছেন ছাত্রশিবির সমর্থিত প্যানেলের প্রার্থীরা। রোকেয়া, মুন্নুজান, তাপসী রাবেয়া, খালেদা জিয়া ও রহমতুন্নেসা হলের প্রাপ্ত ফলাফলে এই চিত্র উঠে এসেছে।
দিবাগত বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রাতে ঘোষিত ফলাফল অনুযায়ী, ভিপি পদে শিবির সমর্থিত প্রার্থী মোস্তাকুর রহমান জাহিদ পেয়েছেন ৩ হাজার ৩১২ ভোট, যা এখন পর্যন্ত সর্বাধিক। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত শেখ নূর উদ্দীন আবির পেয়েছেন ৯০৬ ভোট।
সাধারণ সম্পাদক (জিএস) পদে স্বতন্ত্র প্রার্থী সালাহউদ্দিন আম্মার এগিয়ে আছেন ২ হাজার ৮৫১ ভোট পেয়ে। তার কাছাকাছি অবস্থানে রয়েছেন শিবির সমর্থিত ফজলে রাব্বি ফাহিম রেজা, যার প্রাপ্ত ভোট ১ হাজার ৭৪১।
সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে শিবির সমর্থিত সালমান সাব্বির ১ হাজার ৭৭১ ভোট পেয়ে এগিয়ে আছেন, যেখানে ছাত্রদল সমর্থিত জাহিন বিশ্বাস এষা পেয়েছেন ১ হাজার ৩৩৪ ভোট।
এবারের রাকসু নির্বাচনে মোট ভোটার সংখ্যা ২৮ হাজার ৯০১। ভোটগ্রহণ অনুষ্ঠিত হয় ৯টি একাডেমিক ভবনে স্থাপিত ১৭টি কেন্দ্রে। কেন্দ্রীয় রাকসুর ২৩টি পদে ৩০৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, যার মধ্যে রয়েছে ভিপি, জিএসসহ অন্যান্য গুরুত্বপূর্ণ পদ। এছাড়া সিনেটের ছাত্র প্রতিনিধি পাঁচটি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৫৮ জন প্রার্থী।
অন্যদিকে ১৭টি হল সংসদের ২৫৫টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৫৫৫ জন প্রার্থী। এবারের নির্বাচনে ভোটারদের মধ্যে ৩৯ দশমিক ১০ শতাংশ নারী এবং ৬০ দশমিক ৯০ শতাংশ পুরুষ।
স্বদেশ প্রতিদিন/ আরএফ