প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫, ৭:১৭ পিএম

সংগৃহীত ছবি
আগে থেকে স্বাক্ষর করা ১৫০টি ব্যালট পাওয়া গেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), সিনেট ছাত্র প্রতিনিধি ও হল সংসদ নির্বাচনে ড. মুহাম্মদ শহীদুল্লাহ একাডেমি ভবনের ১৫০ নম্বর কক্ষে। এ ঘটনায় ছাত্রদল সমর্থিত ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম প্যানেল কারচুপির অভিযোগ তুলেছে।
আজ বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকেল পৌনে ৩টার দিকে প্যানেলের ভাইস প্রেসিডেন্ট প্রার্থী শেখ নূর উদ্দিন আবির বলেন, “নিয়ম অনুযায়ী ভোটার আসলে তাকে একটিমাত্র ব্যালট পেপার দেওয়া উচিত। কিন্তু ভোটার আসার আগেই শতাধিক ব্যালট পেপার স্বাক্ষর করে রাখা হয়েছে, যা অন্যায় ও অনিয়ম।”
ছাত্রদল সমর্থিত এজেন্টদের অভিযোগ, স্বাক্ষর করা ব্যালটগুলো টেবিলের নিচে রাখা হয়েছিল, যা জাল ভোট দেওয়ার উদ্দেশ্যে করা হয়েছে।
এ বিষয়ে কেন্দ্রের প্রিজাইডিং অফিসার প্রফেসর ড. মাহবুবুর রহমান বলেন, “বাইরে দীর্ঘ লাইন রয়েছে। ভোট দ্রুত করতে আগে থেকেই ব্যালট স্বাক্ষর করা হয়েছিল। তবে এটি নিয়মের ব্যত্যয়।”
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৯টি একাডেমিক ভবনে স্থাপিত ১৭টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে। বিকেল ৫টা থেকে বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে কেন্দ্রীয়ভাবে ফলাফল গণনা শুরু হবে। নির্বাচন কমিশন জানিয়েছে, ১৭টি কেন্দ্রের ভোট ১৭ ঘণ্টার মধ্যে দেওয়ার চেষ্টা করা হবে।
প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. এফ. নজরুল ইসলাম জানান, এবারের রাকসু নির্বাচনে মোট ২৮,৯০১ ভোটার রয়েছেন। কেন্দ্রীয় রাকসুর ২৩টি পদে মোট ৩০৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, যার মধ্যে সহসভাপতি (ভিপি), সাধারণ সম্পাদক (জিএস) ও অন্যান্য গুরুত্বপূর্ণ পদ অন্তর্ভুক্ত। সিনেটের ছাত্র প্রতিনিধির পাঁচটি পদে ৫৮ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
অন্যদিকে বিশ্ববিদ্যালয়ের ১৭টি হল সংসদের ২৫৫টি পদে মোট ৫৫৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভোটারদের মধ্যে ৩৯.১০ শতাংশ নারী এবং ৬০.৯০ শতাংশ পুরুষ।