| শিরোনাম: |

টাঙ্গাইলের বাসাইল উপজেলায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নারীসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১২ জন।
বুধবার (১৫ অক্টোবর) বেলা আড়াইটার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বাঐখোলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জামালপুরের তারাকান্দি থেকে ছেড়ে আসা ভাই ভাই পরিবহনের একটি বাস ঢাকার দিকে যাচ্ছিল। পথে বাঐখোলা এলাকায় পৌঁছালে বাসটি একটি ট্রাককে ওভারটেক করার চেষ্টা করে। এ সময় বিপরীত দিক থেকে আসা রডবোঝাই অপর একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই এক নারী নিহত হন।
দুর্ঘটনার পর পুলিশ ও স্থানীয়রা আহত ১৪ জনকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক আরও দুজনকে মৃত ঘোষণা করেন।
বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জালাল উদ্দিন বলেন, “আইনি প্রক্রিয়া শেষে মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।”