প্রকাশ: বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫, ৪:১৫ পিএম

সংগৃহীত ছবি
বিএনপি ক্ষমতায় এলে এক কোটি মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, আমরা অতীতে সরকারে ছিলাম, তাই জানি কিভাবে দেশ পরিচালনা করতে হয়। প্রতিটি পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। পাশাপাশি স্বাস্থ্য ও শিক্ষা খাতকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।
বুধবার (১৫ অক্টোবর) দুপুরে ঠাকুরগাঁওয়ের গড়েয়া ইউনিয়নবাসীর সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
এসময়, দেশ বাঁচাতে অবিলম্বে নির্বাচন আয়োজনের আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, আর বিভাজন করবেন না, নতুন কোনো দাবি তুলে বিভেদ সৃষ্টি করবেন না। গণভোট কিংবা পিআর নিয়ে আন্দোলনের দরকার নেই। আগে নির্বাচন হোক, দেশের মানুষ বাঁচুক। দেশের মানুষকে রক্ষার জন্য দ্রুত ভোট প্রয়োজন।
পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতি সম্পর্কে মির্জা ফখরুল বলেন, এই পদ্ধতি এখনো সাধারণ মানুষ পুরোপুরি বোঝে না। মানুষ যে পদ্ধতি বোঝে না, তা দিয়ে প্রতিনিধি নির্বাচনের প্রক্রিয়া জটিল হবে। আমি নিজেও পিআর পদ্ধতিটি ভালোভাবে বুঝি না। তাই আগে নির্বাচন হোক, পরে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া যাবে। এখন মানুষের অস্থিরতা কমানোই প্রধান প্রয়োজন।
স্বদেশ প্রতিদিন/শাহো