শিক্ষা উপদেষ্টার ঘোষিত প্রতিশ্রুতি বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলের নাগরপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (১৫ অক্টোবর) সকালে নয়ান খান মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে সমাবেশের মাধ্যমে শেষ হয়। এতে উপজেলার সব বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়, কলেজ ও মাদ্রাসার শিক্ষক-কর্মচারীরা অংশগ্রহণ করেন।
এ সময় শিক্ষক-কর্মচারীরা শিক্ষা উপদেষ্টার দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী ২০ শতাংশ বাড়িভাড়া, ১,৫০০ টাকা চিকিৎসা ভাতা এবং বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের কর্মচারীদের জন্য ৭৫ শতাংশ উৎসব ভাতার প্রজ্ঞাপন দ্রুত জারির দাবি জানান।
নাগরপুর উপজেলায় বর্তমানে ৪০টি বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়, ১৯টি বেসরকারি মাদ্রাসা এবং ৪টি বেসরকারি কলেজ রয়েছে। এসব প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা একযোগে এ কর্মসূচিতে অংশ নিয়ে সরকারের প্রতি ন্যায্য দাবিগুলো বাস্তবায়নের আহ্বান জানান।
বিক্ষোভ-পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন- নাগরপুর উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মো. ফজলুর রহমান, বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরামের সিনিয়র যুগ্ম মহাসচিব ও মুক্তিযোদ্ধা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আনোয়ার হোসেন, সলিমাবাদ ইউনিয়ন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শরীফ উদ্দিন, মামুদনগর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক নেতা মো. শওকত আলী, নাগরপুর মহিলা কলেজের অধ্যক্ষ মো. আনিসুর রহমান, নয়ান খান মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হোসেন আলী মনসুর, নাগরপুর শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. আব্দুর রউফ ও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানগণ।
বক্তারা বলেন, “শিক্ষা উপদেষ্টার দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকারের বিলম্ব অযৌক্তিক ও হতাশাজনক। আমরা দ্রুত প্রজ্ঞাপন জারি করে শিক্ষক-কর্মচারীদের ন্যায্য অধিকার নিশ্চিত করার দাবি জানাই।” অন্যথায় দেশব্যাপী কঠোর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দেন তারা।