প্রকাশ: বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫, ৩:১২ পিএম

বাড়িভাড়া, চিকিৎসা এবং উৎসব ভাতাসহ তিন দফা দাবি আদায়ের আন্দোলন সফলতার পথে এগোচ্ছে বলে জানিয়েছেন এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজীজি।
বুধবার (১৫ অক্টোবর) বেলা সাড়ে ১২টায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে তিনি জানান, দুপুর ১২টার মধ্যে দাবি না মানলে শাহবাগ অবরোধের ঘোষণা থাকলেও সেটি আপাতত পেছানো হয়েছে।
শিক্ষকদের তিন দফা দাবিগেুলো হলো- মূল বেতনের ২০ শতাংশ হারে বাড়িভাড়া ভাতা, ১ হাজার ৫০০ টাকা চিকিৎসা ভাতা এবং কর্মচারীদের জন্য ৭৫ শতাংশ উৎসব ভাতা প্রদান।
তিনি বলেন, ‘মূল বেতনের ২০ শতাংশ হারে বাড়িভাড়া না দেওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব। চিকিৎসা ভাতা ১ হাজার ৪৯৯ টাকা হলেও হবে না- আমরা চাই ১ হাজার ৫০০ টাকা। কর্মচারীদের উৎসব ভাতা ৭৫ শতাংশই দিতে হবে।’
দেলোয়ার হোসেন আজীজি বলেন, ‘ব্লকেড কর্মসূচি ১২টায় হওয়ার কথা ছিল কিন্তু জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এবং বিশ্ববিদ্যালয় শিক্ষক ফোরামের নেতারা শিক্ষকদের সঙ্গে কথা বলতে শহীদ মিনারে আসবেন। সেজন্য শাহবাগ ব্লকেড কর্মসূচি পেছানো হয়েছে।’
দাবি মেনে না নিলে আন্দোলন চলবে বলেও ঘোষণা দেন তিনি।
আন্দোলনকারীরা বলেন, ‘সরকার যদি আমাদের দাবি মেনে না নেয়, তবে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। শিক্ষকরা রাজপথে থাকতে প্রস্তুত।’
অবরোধে শিক্ষকদের ওপর যদি পুলিশ হামলা চালায় তাহলে শিক্ষকরা আন্দোলনের মাধ্যমে এর জবাব দেবে বলে হুঁশিয়ারি দেন তারা।
স্বদেশ প্রতিদিন/এমএম