প্রকাশ: মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫, ৫:১৪ পিএম আপডেট: ১৪.১০.২০২৫ ৫:১৮ PM

গাজায় যুদ্ধবিরতি চুক্তিকে ‘অসাধারণ সাফল্য’ হিসেবে উল্লেখ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ‘আমি মনে করি এটি এক ঐতিহাসিক দিন, কারণ কেউ ভাবেনি যে এমন কিছু সম্ভব হতে পারে।’
ইসরায়েল ও মিশর সফর শেষে দেশে ফিরে এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ট্রাম্প। তিনি বলেন, ‘গাজার যুদ্ধবিরতির মাধ্যমে মধ্যপ্রাচ্যে শান্তির সূচনা হতে পারে, তবে এখনই কিছু বলা তাড়াহুড়া হবে। অনেকেই এক-রাষ্ট্রীয় সমাধান চান, কেউ চান দুই-রাষ্ট্রীয় সমাধান। সময়ই বলে দেবে কোনটা কার্যকর হয়।’
মিশরে অনুষ্ঠিত এক আন্তর্জাতিক সম্মেলনে ২০টি দেশের প্রতিনিধিদের উপস্থিতিতে গাজা বিষয়ক চুক্তিতে স্বাক্ষর করেন ট্রাম্প। চুক্তির বিষয়ে তিনি বলেন, ‘আমি না থাকলে শান্তি থাকবে কি না জানি না, তবে আমি যেখানেই থাকি, শান্তির পক্ষেই লড়ব।’
পরবর্তীতে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যালে’ ট্রাম্প লেখেন, ‘আজ ইসরায়েল ও মিশরে অনেক কিছু অর্জিত হয়েছে। কঠিন দিন ছিল, কিন্তু এই অভিজ্ঞতা অন্য যেকোনো কিছুর চেয়ে ভিন্ন ও গুরুত্বপূর্ণ।’
উল্লেখ্য, গত শনিবার আনুষ্ঠানিকভাবে গাজায় যুদ্ধবিরতি কার্যকর হয়। এর অংশ হিসেবে হামাস ২০ জন জীবিত জিম্মি ও চারজনের মরদেহ ইসরায়েলে ফেরত দিয়েছে। বিনিময়ে ইসরায়েল মুক্তি দিয়েছে দুই হাজারের বেশি ফিলিস্তিনি বন্দিকে।
তবে যুদ্ধবিরতি সত্ত্বেও সহিংসতা থামেনি। মাত্র দুইদিনের মধ্যেই গাজায় আবারও দখলদার ইসরায়েলি বাহিনীর গুলিতে পাঁচজন ফিলিস্তিনি নিহত হয়েছেন।
সূত্র: বিবিসি
স্বদেশ প্রতিদিন/ আরএফ