প্রকাশ: মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫, ১:২১ AM

প্রতীকী ছবি
আগামী ১ নভেম্বর থেকে দেশের যেকোনো ব্যাংকের ডেবিট বা ক্রেডিট কার্ড ব্যবহার করে বিকাশ, নগদ, রকেটসহ সব মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসে (এমএফএস) টাকা পাঠানো যাবে। ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশের (এনপিএসবি) নতুন ইন্টার-অপারেবল সিস্টেমের মাধ্যমে এই লেনদেন করা যাবে। এ সেবায় প্রতি হাজার টাকা পাঠাতে খরচ হবে মাত্র ১ টাকা ৫০ পয়সা।
আগে এনপিএসবি কেবল ব্যাংক টু ব্যাংক লেনদেনের সুযোগ দিত। এবার সেই সুবিধা বাড়িয়ে ব্যাংক থেকে এমএফএস এবং ব্যাংক থেকে পেমেন্ট সার্ভিস প্রোভাইডার (পিএসপি)-এ টাকা পাঠানোর সুবিধা চালু করা হয়েছে।
সোমবার (১৩ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস বিভাগ এক নির্দেশনায় জানায়, ডিজিটাল লেনদেন বাড়ানো ও নগদ অর্থ ব্যবহার কমানোই এই উদ্যোগের মূল লক্ষ্য।
সার্ভিস চার্জ কত হবে
লেনদেনের ধরন চার্জ (প্রতি ১,০০০ টাকা)
ব্যাংক → এমএফএস ১.৫০ টাকা
এমএফএস → ব্যাংক ৮.৫০ টাকা
ব্যাংক → ব্যাংক (এনপিএসবি) ১.৫০ টাকা
ব্যাংক → পিএসপি ২.০০ টাকা
প্রাপক গ্রাহকের কাছ থেকে কোনো চার্জ নেওয়া হবে না বলে নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।
এছাড়া ব্যাংক, এমএফএস এবং পেমেন্ট সার্ভিস প্রোভাইডাররা তাদের নিজ নিজ নির্ধারিত লেনদেন সীমার মধ্যেই এই সেবা পরিচালনা করবে। তবে এনপিএসবি প্ল্যাটফর্মে ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে ব্যাংক টু ব্যাংক টাকা স্থানান্তরের ক্ষেত্রে আগের নিয়মই বহাল থাকবে।
স্বদেশ প্রতিদিন/শাহো