প্রকাশ: রবিবার, ১২ অক্টোবর, ২০২৫, ২:২৬ AM

নোয়াখালী বিভাগ গঠনের দাবিতে ঢাকায় কর্মসূচি শেষে ফেরার পথে কুমিল্লায় আন্দোলনকারীদের ওপর হামলার ঘটনা ঘটেছে। শনিবার (১১ অক্টোবর) সন্ধ্যায় কুমিল্লার পদুয়ারবাজার বিশ্বরোড এলাকায় এ হামলার শিকার হয় নোয়াখালীগামী কয়েকটি বাস।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রায় দুই শতাধিক যুবক বিশ্বরোড এলাকায় অবস্থান নেয় এবং আন্দোলনকারীদের বহনকারী বাস থামিয়ে ব্যানার ও গেঞ্জি ছিঁড়ে ফেলে, যাত্রীদের অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং মারধর করে। এতে সাধারণ যাত্রী এবং আন্দোলনকারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনার সময় বেশ কয়েকটি বাস এক ঘণ্টার বেশি সময় আটকে রাখা হয়, যার ফলে সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়।
হামলার শিকার এক আন্দোলনকারী মোস্তাফিজুর রহমান বলেন, ‘আমরা ঢাকায় বিভাগীয় আন্দোলন শেষে বাসে বাড়ি ফিরছিলাম। হঠাৎ কয়েকশ যুবক আমাদের ঘিরে ফেলে, গেঞ্জি ও ব্যানার ছিঁড়ে ফেলে, গালাগালি করে এবং আমাদের উপর হামলা চালায়। কেউ কিছু বুঝে ওঠার আগেই তারা সবাইকে মারধর শুরু করে।’
এ সময় নারী যাত্রীদেরও হেনস্থার শিকার হতে হয় বলে অভিযোগ রয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আটক বাসগুলো ছেড়ে দেয়।
কুমিল্লা জেলা পুলিশ সুপার মোহাম্মদ নজির আহমেদ খান বলেন, ‘নোয়াখালীগামী একটি বাস পদুয়ারবাজার এলাকায় আটকে রাখা হয়। এতে যানজট তৈরি হয়। আমরা দ্রুত ব্যবস্থা নিয়ে পরিস্থিতি স্বাভাবিক করি এবং বাসে থাকা যাত্রীদের নিরাপদে পৌঁছানোর ব্যবস্থা করি।’
হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন নোয়াখালী জেলা সমিতি ও স্থানীয় নেতৃবৃন্দ। এ ঘটনায় চৌমুহনী ও সোনাইমুড়ীতে স্থানীয়রা বিক্ষোভ মিছিল বের করেন এবং দ্রুত দোষীদের গ্রেপ্তারের দাবি জানান।
উল্লেখ্য, নোয়াখালী বিভাগ বাস্তবায়নের দাবিতে শনিবার (১১ অক্টোবর) সকাল ১০টায় জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন আন্দোলনকারীরা।
স্বদেদশ প্রতিদিন/এমএম