প্রকাশ: রবিবার, ১২ অক্টোবর, ২০২৫, ১২:৪৬ AM

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিং বিপর্যয়ের চিত্র আবারও দেখা গেল। মাত্র ১৯১ রানের লক্ষ্য তাড়ায় নেমে বাংলাদেশ থেমে যায় ১০৯ রানে, ফলে ৮১ রানের বড় হার নিয়ে সিরিজও হাতছাড়া হয়েছে টাইগারদের।
শনিবার (১১ অক্টোবর) সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে টস জিতে প্রথমে ব্যাট করে আফগানিস্তান। ইব্রাহিম জাদরান-এর ৯৫ রানে ভর করে ৪৩.২ ওভারে তারা ১৯০ রানে অলআউট হয়। বাংলাদেশের পক্ষে মেহেদী হাসান মিরাজ ৩টি, তানজিম হাসান সাকিব ও রিশাদ হোসেন নেন ২টি করে উইকেট।
ছোট লক্ষ্য তাড়ায় শুরু থেকেই বিপর্যয়ে পড়ে টাইগাররা। ইনিংসের প্রথম ওভারেই শূন্য রানে সাজঘরে ফেরেন তানজিদ হাসান তামিম। ওমরজাইয়ের বলে পুল করতে গিয়ে ফাইন লেগে ক্যাচ দেন তিনি। এরপর রান আউট হয়ে ফেরেন নাজমুল হোসেন শান্ত (৭)।
সাইফ হাসান কিছুটা আক্রমণাত্মক ব্যাটিং করলেও (২৩ বলে ২২) তিনিও ফেরেন ওমরজাইয়ের বলে। দলীয় ৫০ রানের মাথায় চতুর্থ উইকেট হারায় বাংলাদেশ- এবার উইকেটের শিকার হন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ (৪)।
জাকের আলী ও তাওহিদ হৃদয় চেষ্টা করেছিলেন ইনিংস গুছিয়ে নেওয়ার। তবে হৃদয় রশিদ খানের বলে বোল্ড হয়ে ফেরেন ২৪ রানে। এরপর আর কেউই দাঁড়াতে পারেননি। নুরুল হাসান সোহান (১৫), তানজিম হাসান সাকিব (০) ও জাকের আলী (১৮) ফেরার পর শেষ ভরসাও শেষ হয়। ২৮.৩ ওভারে ১০৯ রানে অলআউট হয় বাংলাদেশ।
আফগানিস্তানের হয়ে রশিদ খান দারুণ বোলিং করেন- মাত্র ১৭ রানে নেন ৫ উইকেট। ওমরজাই শিকার করেন ৩টি উইকেট।
এর আগে টস জিতে প্রথমে ব্যাট করতে নামে আফগানিস্তান। ইনিংসের শুরুতে তানজিম হাসান সাকিব ও তানভীর ইসলামের দুর্দান্ত বোলিংয়ে নিয়মিত বিরতিতে উইকেট হারায় তারা। তবে ওপেনার ইব্রাহিম জাদরান এক প্রান্ত আগলে রেখে গড়ে তোলেন লড়াকু ইনিংস। জাদরান ১৪০ বলে ৯৫ রানের দায়িত্বশীল ইনিংস খেলেন, যেখানে ছিল তিনটি চার ও একটি ছক্কা। তার ইনিংসেই আফগানিস্তান পৌঁছে যায় ১৯০ রানে।
স্বদেশ প্রতিদিন/এমএম