প্রকাশ: শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫, ৭:৫৭ পিএম

সংগৃহীত ছবি
যশোরের কুয়াদা বাজারে রিকশা ছিনতাইয়ের চেষ্টাকালে স্বামী-স্ত্রী জনতার হাতে আটক হয়েছেন।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। আটককৃতরা হলেন পারভেজ (বারান্দীপাড়া আমতলা) ও মিষ্টি ইসলাম (বাউলিয়া হামিদপুর)।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, পাশের ধানক্ষেতে থেকে চিৎকার শুনে স্থানীয়রা গিয়ে দেখেন, রিকশাচালক মিজানুরকে দম্পতি মারধর করে রিকশা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছে। পরে জানা যায়, পারভেজ ও স্ত্রী শহর থেকে রিকশা তিন ঘণ্টার জন্য ভাড়া নেন এবং খাবারে চেতনানাশক মিশিয়ে তাকে অচেতন করে। জ্ঞান ফেরার পর দম্পতি রিকশা ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালায়।
স্থানীয়রা এগিয়ে এসে দম্পতি ও রিকশাচালককে ধরে বাজারে নিয়ে আসেন। খবর পেয়ে কোতোয়ালি থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তিনজনকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন থানার এএসআই কামাল হোসেন।
স্বদেশ প্রতিদিন/শাহো