প্রকাশ: শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫, ৮:০৮ পিএম

নওগাঁর পোরশায় সাংবাদিক এস এম আবুল হায়াতকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে সরাইগাছি জিরো পয়েন্টে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১০ অক্টোবর) সকালে স্থানীয় সাংবাদিক সমাজের ব্যানারে এ কর্মসূচির আয়োজন করা হয়।
নিহত সাংবাদিক এস এম আবুল হায়াত বাঘের হাট ‘ভোরের চেতনা’ পত্রিকার স্টাফ রিপোর্টার ছিলেন।
পোরশা উপজেলা মডেল প্রেসক্লাবের সভাপতি মো. আমিরউদ্দীন বাবুর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মো. ইসমাইল হোসেন মাস্টার।
এ সময় আরও উপস্থিত ছিলেন পোরশা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. এম রইচউদ্দীন, স্থানীয় সাংবাদিক সমাজের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা।
বক্তারা অবিলম্বে এস এম আবুল হায়াত হত্যাকাণ্ডের দ্রুত বিচার এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
তারা বলেন, সাংবাদিকরা সমাজের চতুর্থ স্তম্ভ। একজন সাংবাদিককে হত্যার ঘটনা শুধু একটি ব্যক্তি বা পরিবারের ক্ষতি নয়, এটি মত প্রকাশের স্বাধীনতার ওপর আঘাত।
স্বদেশ প্রতিদিন/এমএম