প্রকাশ: শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫, ৫:৪২ পিএম

সামগ্রিক কর্মতৎপরতা এবং আইনশৃঙ্খলা রক্ষায় অসাধারণ অবদান রাখার স্বীকৃতিস্বরূপ পাবনা জেলার শ্রেষ্ঠ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নির্বাচিত হয়েছেন চাটমোহর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনজুরুল আলম।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকেলে পাবনা পুলিশ লাইন্সে অনুষ্ঠিত মাসিক কল্যাণ সভায় তাকে এই সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে পুলিশ সুপার মো. মোরতোজা আলী খান ওসি মনজুরুল আলমের হাতে ক্রেস্ট ও পুরস্কার তুলে দেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মশিউর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মো. রেজিনুর রহমান, চাটমোহর সার্কেলের সহকারী পুলিশ সুপার আরজুমা আক্তারসহ জেলার সব থানার ওসি এবং পুলিশের অন্যান্য কর্মকর্তারা।
পুলিশ বিভাগের পক্ষ থেকে জানানো হয়, দায়িত্ব পালনে নিষ্ঠা, এলাকায় শান্তি ও নিরাপত্তা বজায় রাখা, অপরাধ দমন এবং জনবান্ধব পুলিশিং নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্যই ওসি মনজুরুল আলমকে জেলার শ্রেষ্ঠ অফিসার হিসেবে নির্বাচিত করা হয়েছে।
শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হওয়া নিয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে ওসি মনজুরুল আলম বলেন, “এই প্রাপ্তিতে আমার দায়িত্ব আরও বেড়ে গেল। আমি চাই, পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে আমার উর্ধ্বতন কর্মকর্তা, সহকর্মী এবং জনগণের সহযোগিতা অব্যাহত থাকুক। সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনে আমি সর্বদা সচেষ্ট থাকব।”
স্বদেশ প্রতিদিন/কেআইকে