প্রকাশ: শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫, ১২:৪০ পিএম

সংগৃহীত ছবি
নারায়ণগঞ্জের আড়াইহাজারে কেরোসিন খেয়ে ইমরান (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
গতকাল বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকেলে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
শিশুটি গত ৬ অক্টোবর দুপুরে আড়াইহাজার উপজেলার খাগকান্দা ইউনিয়নের কদমতলী এলাকায় কেরোসিন পান করে অসুস্থ হয়ে পড়ে। মৃত ইমরান আড়াইহাজারের কদমতলী এলাকার হাবিবুর রহমানের ছেলে।
স্থানীয়রা জানান, খেলতে খেলতে হামাগুড়ি দিয়ে ঘরে প্রবেশ করার সময় শিশুটি অসাবধানতাবশত কেরোসিন পান করে ফেলে। অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা তাকে বাংলাদেশ নবজাতক হাসপাতালে ভর্তি করেন। পরে উন্নত চিকিৎসার জন্য ঢামেক হাসপাতালে পাঠানো হয়। তিন দিন চিকিৎসাধীন থাকার পর বৃহস্পতিবার বিকেলে তার মৃত্যু হয়।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার নাসিরউদ্দিন বলেন, শিশুর মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।