প্রকাশ: শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫, ১২:৫৪ পিএম

সংগৃহীত ছবি
গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর জানিয়েছেন, কোনো রাজনৈতিক দলের সঙ্গে তাদের দল নির্বাচনী জোট বা আসন সমঝোতা করেনি। তিনি বলেন, দলটি ৩০০ আসনেই প্রার্থী দেওয়ার কাজ করছে।
গতকাল বৃহস্পতিবার (৯ অক্টোবর) ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে নুর লিখেছেন, “গণ অধিকার পরিষদের পক্ষ থেকে কোথাও কখনো বলা হয়নি যে আমরা কোনো দল-এর সঙ্গে নির্বাচনী জোট বা আসন সমঝোতা করেছি। গত এক বছরে অন্তত একশবার মিডিয়ার সামনে বিভিন্ন প্রোগ্রামে এই কথা জানিয়েছি। তবে নির্বাচন ঘনিয়ে আসায় নির্বাচনী জোট নিয়ে কিছু দলের সঙ্গে আলাপ-আলোচনা চলছে।”
তিনি আরও জানিয়েছেন, ইতিমধ্যে ৩৬টি আসনে ৩৬ জন প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে এবং আশা করা যাচ্ছে, এই মাসের মধ্যেই পর্যায়ক্রমে বাকি আসনগুলোর প্রার্থীও ঘোষণা করা হবে।
স্ট্যাটাসে নুর অনুরোধ করেছেন, “আমাদের বক্তব্য না নিয়ে মনগড়া বা অনুমাননির্ভর সংবাদ প্রচার থেকে বিরত থাকুন। অযথা বিভ্রান্তি ছড়ানো যাবে না।”
শেষে তিনি দলের দুই দায়িত্বপ্রাপ্ত নেতার নাম ও ফোন নম্বর দিয়ে জানিয়েছেন, প্রয়োজনীয় তথ্যের জন্য তাদের সঙ্গে যোগাযোগ করা যেতে পারে।