প্রকাশ: বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫, ১১:০০ পিএম

প্রতীকী ছবি
বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আবারও বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশ ব্যাংকের হিসাব অনুযায়ী, বিপিএম-৬ মানদণ্ডে দেশের গ্রস রিজার্ভ দাঁড়িয়েছে ২৭ দশমিক ১২ বিলিয়ন ডলার।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) সন্ধ্যায় কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান জানান, রেমিট্যান্স বৃদ্ধি এবং নিলামের মাধ্যমে বাণিজ্যিক ব্যাংক থেকে ডলার কেনার ফলে রিজার্ভ বেড়েছে।
৬ অক্টোবর রিজার্ভ ছিল ২৬.৮০ বিলিয়ন ডলার। অর্থাৎ কয়েক দিনের ব্যবধানে রিজার্ভ বেড়েছে প্রায় ৩২ কোটি ডলার।
কেন্দ্রীয় ব্যাংকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, সাম্প্রতিক সময়ে রেমিট্যান্স প্রবাহ ও রপ্তানি আয় বৃদ্ধি পাওয়ায় ব্যাংকগুলোর হাতে ডলারের জোগান বেড়েছে। এসব ব্যাংক অতিরিক্ত ডলার অন্য ব্যাংক ও কেন্দ্রীয় ব্যাংকের কাছে বিক্রি করছে, যার ফলে রিজার্ভে ইতিবাচক প্রবাহ দেখা যাচ্ছে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত তিন মাসে ১৪টি নিলামের মাধ্যমে বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে ২ বিলিয়ন ডলারের বেশি ডলার কিনেছে কেন্দ্রীয় ব্যাংক।
অর্থনীতিবিদরা বলছেন, রিজার্ভ বৃদ্ধির এ প্রবণতা বজায় থাকলে আমদানি ব্যয় মেটানো ও ডলার বাজার স্থিতিশীল রাখতে সহায়ক হবে।
স্বদেশ প্রতিদিন/শাহো