প্রকাশ: বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫, ১১:২৬ পিএম

ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ-প্রসীত গ্রুপ) নেতা মাইকেল চাকমার বিরুদ্ধে দায়ের করা চাঁদাবাজির মামলায় তাকে আট বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাতে বিষয়টি নিশ্চিত করেন রাঙামাটির অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের পেশকার প্রসাদেব চাকমা।
তিনি জানান, বুধবার রাঙামাটির অতিরিক্ত জেলা ও দায়রা জজ তাওহিদুল হক আসামির অনুপস্থিতিতে রায় ঘোষণা করেন, যা বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়।
আদালত সূত্রে জানা গেছে, দণ্ডবিধির ১৮৬০ সালের ৩৮৫ ধারায় দোষী সাব্যস্ত হয়ে মাইকেল চাকমা ও সুমন চাকমা নামে আরেকজনকে আট বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
২০০৭ সালের ৩০ অক্টোবর সংঘটিত এক চাঁদাবাজির ঘটনায় তাদের বিরুদ্ধে লংগদু থানায় মামলা দায়ের করা হয়। মামলার নম্বর—লংগদু থানা মামলা নং ৫, তারিখ ৩০ অক্টোবর ২০০৭; জি.আর. নং ৩৩০/২০০৭।
তদন্তে জানা যায়, ওই দিন সন্ত্রাসী কার্যকলাপ ও চাঁদাবাজির সময় নিরাপত্তা বাহিনী মাইকেল চাকমা ও সুমন চাকমাকে অস্ত্র ও টাকাসহ আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে।
দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে আদালত বুধবার এ রায় প্রদান করেন। একই মামলায় সুমন চাকমাকেও সন্ত্রাসী কার্যকলাপ ও চাঁদাবাজির অভিযোগে ৭ বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়।
এর আগে, ২০২৩ সালের ১৯ সেপ্টেম্বর একই আদালত বিশেষ ট্রাইব্যুনাল-২ এ দায়ের করা আরেক মামলায় মাইকেল চাকমাকে অস্ত্র মামলায় ১০ বছর ও চাঁদাবাজি ও হত্যার হুমকির মামলায় ৭ বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেন। আদালত ওই সময় উভয় সাজা একত্রে কার্যকর করার নির্দেশ দেন।
স্বদেশ প্রতিদিন/ আরএফ