
ফাইল ছবি
সারা দেশে সব কর অঞ্চলে ই-রিটার্ন হেল্প-ডেস্ক চালু করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। করদাতাদের অনলাইনে আয়কর রিটার্ন দাখিলে সহায়তা করতেই এ ব্যবস্থা নেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৯ অক্টোবর) এনবিআরের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ৪ আগস্ট ২০২৫ তারিখে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ ২০২৫-২৬ কর বছরের জন্য ই-রিটার্ন দাখিল কার্যক্রম উদ্বোধন করেন। করদাতারা www.etaxnbr.gov.bd পোর্টালের মাধ্যমে ঘরে বসেই রিটার্ন পূরণ ও দাখিল করতে পারছেন।
ইতোমধ্যে ২৯ লাখ ২০ হাজার করদাতা ই-রিটার্ন সিস্টেমে নিবন্ধন (রেজিস্ট্রেশন) করেছেন এবং ৬ লাখ ৩৫ হাজার করদাতা অনলাইনে রিটার্ন দাখিল করেছেন।
এনবিআর জানায়, কোনো করদাতা যদি ই-রিটার্ন সিস্টেমে নিবন্ধন সমস্যার কারণে অনলাইনে রিটার্ন দাখিল করতে না পারেন, তাহলে তিনি ৩১ অক্টোবর ২০২৫ তারিখের মধ্যে সংশ্লিষ্ট উপ-কর কমিশনারের কাছে আবেদন করে অতিরিক্ত/যুগ্ম কর কমিশনারের অনুমোদনক্রমে পেপার রিটার্ন দাখিল করতে পারবেন।
ই-রিটার্ন দাখিল প্রক্রিয়াকে সহজভাবে বোঝাতে এ বছরও আগের মতো অনলাইন প্রশিক্ষণ কোর্স চালু করেছে এনবিআর। আগ্রহী করদাতা ও কর আইনজীবীরা এনবিআরের প্রকাশিত অনলাইন রেজিস্ট্রেশন লিংকে প্রবেশ করে প্রশিক্ষণে অংশগ্রহণের আবেদন করতে পারবেন। ইতোমধ্যে প্রায় ১৫ হাজার করদাতা প্রশিক্ষণে অংশ নিয়েছেন।
🔗 প্রশিক্ষণ রেজিস্ট্রেশন লিংক: https://nbr.gov.bd/uploads/public-notice/Press_Release_E-Return_Help_Desk.pdf
ই-রিটার্ন সংক্রান্ত যেকোনো সমস্যার সমাধানে এনবিআর একটি কল সেন্টার চালু করেছে। করদাতারা 09643-71 71 71 নম্বরে ফোন করে তাৎক্ষণিক সহায়তা পাচ্ছেন। এছাড়া www.etaxnbr.gov.bd ওয়েবসাইটের eTax Service অপশনে লেখার মাধ্যমেও সমস্যা জানানো যায়।
এছাড়া সারা দেশের প্রতিটি কর অঞ্চলে ই-রিটার্ন হেল্প-ডেস্ক চালু করা হয়েছে। করদাতারা নিজ নিজ কর অঞ্চলে সরাসরি গিয়ে অথবা নির্ধারিত ফোন নম্বরে যোগাযোগ করে সেবা পেতে পারবেন।
📎 ই-রিটার্ন হেল্প-ডেস্কের সম্পূর্ণ তালিকা: https://nbr.gov.bd/uploads/public-notice/Press_Release_EReturn_Help_Desk.pdf
এনবিআর আরও জানায়, করদাতারা এখন ব্যাংক ট্রান্সফার, ডেবিট/ক্রেডিট কার্ড, বিকাশ, রকেট, নগদসহ মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ব্যবহার করে অনলাইনে আয়কর পরিশোধ করতে পারেন। রিটার্ন দাখিলের সঙ্গে সঙ্গে করদাতারা স্বয়ংক্রিয়ভাবে অ্যাকনলেজমেন্ট স্লিপ ও আয়কর সনদ প্রিন্ট করতে পারবেন।
অনলাইনে রিটার্ন দাখিলের সময় কোনো কাগজপত্র আপলোড করতে হয় না, তবে রিটার্নে ব্যবহৃত সব দলিলপত্র করদাতাকে নিজ দায়িত্বে সংরক্ষণ করতে হবে।
জাতীয় রাজস্ব বোর্ড দেশের সকল সম্মানিত করদাতাকে নির্ধারিত সময়ের মধ্যে www.etaxnbr.gov.bd পোর্টালে প্রকৃত আয়, ব্যয়, সম্পদ ও দায় সম্পর্কিত তথ্য সঠিকভাবে পূরণ করে ই-রিটার্ন দাখিল করার আহ্বান জানিয়েছে।