প্রকাশ: বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫, ৯:১৫ পিএম

কুড়িগ্রামের উলিপুরে খালের পানিতে ডুবে রেজোয়ান আহম্মেদ (৩) নামের এক শিশুর করুণ মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকেলে উপজেলার ধামশ্রেনী ইউনিয়নের খোঁয়াজখামার এলাকায় এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।
নিহত রেজোয়ান ওই এলাকার লিটন মিয়ার একমাত্র ছেলে।
পরিবার সূত্রে জানা যায়, বিকেলে বাড়ির পাশে খেলছিল রেজোয়ান। দীর্ঘক্ষণ খোঁজ না পেয়ে উদ্বিগ্ন পরিবার খোঁজাখুঁজি শুরু করে। একপর্যায়ে বাড়ির পাশের খালে শিশুটিকে ভাসমান অবস্থায় দেখতে পান স্থানীয়রা। দ্রুত তাকে উদ্ধার করে উলিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জিল্লুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “শিশুটির মৃত্যুকে কেন্দ্র করে কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।”
স্বদেশ প্রতিদিন/কেআইকে