তারেক রহমানের নেতৃত্বে ৩১ দফার ভিত্তিতেই গড়ে উঠবে আগামীর রাষ্ট্র: প্রকৌশলী তানভীর
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫, ৮:৪৯ পিএম

সংগৃহীত ছবি
সাব্বির ইবনে ছিদ্দিক হাতিয়া (নোয়াখালী) বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কেন্দ্রীয়ভাবে ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে দেশের ভবিষ্যৎ রাষ্ট্র কাঠামো গড়ে উঠবে বলে মন্তব্য করেছেন নোয়াখালী জেলা বিএনপির সদস্য ও হাতিয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক প্রকৌশলী তানভীর উদ্দিন রাজিব।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) সন্ধ্যায় হাতিয়ার জাহাজমারা ইউনিয়নে বিএনপির লিফলেট বিতরণ ও গণমিছিল-পরবর্তী পথসভায় বক্তৃতা দিতে গিয়ে তিনি বলেন, দীর্ঘ ১৭ বছর লড়াই, আন্দোলন ও ত্যাগের মধ্য দিয়ে আমরা গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম চালিয়ে যাচ্ছি। সেই ত্যাগ বৃথা যাবে না। জনগণ ধানের শীষে ভোট দিয়ে দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে বিএনপিকে রাষ্ট্রক্ষমতায় বসাবে। তাঁর ঘোষিত ৩১ দফার ভিত্তিতেই আগামীর বাংলাদেশ পরিচালিত হবে এবং দেশ নতুন সমৃদ্ধির পথে এগিয়ে যাবে।
তানভীর উদ্দিন রাজিব আরও বলেন, যেভাবে দেশের মানুষ ৩১ দফাকে সমর্থন জানাচ্ছে, হাতিয়ার মানুষও তেমনি স্বতঃস্ফূর্তভাবে এ কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে। আগামীর নির্বাচনে হাতিয়াবাসী তারেক রহমানের মনোনীত প্রার্থীকে বিপুল ভোটে বিজয়ী করবে, ইনশাআল্লাহ।
গণমিছিলকে ঘিরে ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে হাজারো নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। এক পর্যায়ে পুরো এলাকা জনসমুদ্রে পরিণত হয়।
এসময় উপস্থিত ছিলেন, জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক জাকির উদ্দিন পারভেজ, উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব আবুল বাসার হাওলাদার, উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক রফিক উদ্দিন, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক আরিফিন আলীসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
স্বদেশ প্রতিদিন/শাহো